প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের হায়দরাবাদে যুব কংগ্রেসের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় পুলিশ প্রায় ২০ জনকে আটক করে, তবে তিন ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।
২০ নভেম্বর শুক্রবার, হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এই ঘটনা ঘটে। যুব কংগ্রেসের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং দলের বেশ কিছু পোস্ট মুছে ফেলেছে। প্রতিবাদস্বরূপ, সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে পুলিশ তাদের আটক করে।
শিব চরণের অভিযোগ, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে।
পুলিশের সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ এ ঘটনায় মামলা করেনি।
ভারতীয় যুব কংগ্রেস বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে, যেখানে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে একজন নেতাকর্মী একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন, পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো জায়গায় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মীরা বিস্মিত হয়ে তাদের কর্মকাণ্ড দেখছিলেন।
বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, তাদের কর্মসূচির ১৫ মিনিটের মধ্যেই সংগঠনের সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করে দিয়েছে মেটা। সংগঠনের দাবি, ১৯ নভেম্বর ভারতে অ্যাকাউন্ট দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
যুব কংগ্রেস এক বিবৃতিতে জানায়, তাদের নেতারা প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের কণ্ঠ আরও জোরালো হলে মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর অভিযোগ ওঠে। রাজপথে প্রতিবাদে নামার পরই অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি সংগঠনটির।
তবে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কিংবা এ বিষয়ে যুব কংগ্রেসের অভিযোগ নিয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন