প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করেছেন। তারা বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি পরিচালনা করছে। এই কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন