ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চিকিৎসার জন্য বিদেশে বছরে ৫০০ কোটি ডলার ব্যয় করছেন বাংলাদেশীরা: ডিসিসিআই


চিকিৎসার জন্য বিদেশে বছরে ৫০০ কোটি ডলার ব্যয় করছেন বাংলাদেশীরা: ডিসিসিআই

বাংলাদেশীদের মধ্যে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এক বক্তব্যে জানিয়েছেন, প্রতি বছর চিকিৎসার জন্য বাংলাদেশীরা ৫০০ কোটি ডলার ব্যয় করছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্যের প্রতিফলন ঘটেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব এই তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত, এই প্রায় ৭ বছরের সময়কালে বাংলাদেশীরা চিকিৎসার জন্য বিদেশে মাত্র ৫ কোটি ডলার ব্যয় করেছেন। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই বিদেশে ২ কোটি ৮৩ লাখ ডলার খরচ হয়েছে, যা পূর্ববর্তী ৬ অর্থবছরের মোট পরিমাণের চেয়ে বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে চিকিৎসার ব্যয়ের বড় একটি অংশ অবৈধভাবে হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী মন্তব্য করেন, যারা চিকিৎসার জন্য অর্থ নেয়, তারা যদি পাচারের উদ্দেশ্যে নেয়, তাহলে তা ব্যাংকে আসবে না। পাচারের উদ্দেশ্যে হলে তারা হুন্ডির মাধ্যমে পাঠাবে। তবে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমী এবং চিকিৎসার উদ্দেশ্যে অর্থ নিয়ে যান, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে যাবেন।

আরও পড়ুন: আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলের মাধ্যমে চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠানোর উদ্যোগ নিয়েছে। অনুমতি ছাড়া এখন থেকে জনপ্রতি ৩০ হাজার ডলার বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা পূর্বে ছিল ১৫ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, "আমাদের এখন রিজার্ভও বেড়েছে। এবং আমরাও চেয়েছি, যারা প্রকৃত চিকিৎসার জন্য অর্থ নিতে চান, তারা যেন অফিসিয়াল চ্যানেলে টাকা নিতে পারেন, সেজন্য এই সীমাকে বাড়ানো হয়েছে।"

এদিকে, চিকিৎসার জন্য দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও এই খাতে দেশে কোনো বৈদেশিক মুদ্রা আসেনি।

আরও পড়ুন: ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার, গ্রাহকদের ক্ষোভ বেড়েছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের অর্থনীতি উপেক্ষা করে ইউক্রেনকে সহায়তা, চ্যান্সেলর মের্ৎসের ওপর ক্ষুব্ধ জার্মানরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


নিজের অর্থনীতি উপেক্ষা করে ইউক্রেনকে সহায়তা, চ্যান্সেলর মের্ৎসের ওপর ক্ষুব্ধ জার্মানরা

জার্মানদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহযোগিতা প্রদান করার কারণে, যা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে চলছে। অভিযোগ উঠেছে যে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনকে দেশের অর্থনীতির চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন।

প্রায় চার বছর আগে, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন জার্মানির সাধারণ মানুষ। যুদ্ধ শুরু হওয়ার পর, জার্মানিতে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও এগিয়ে আসে। দেশটির জনগণের করের টাকায় নগদ অর্থ, বিপুল পরিমাণ সমরাস্ত্রসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করেছে জার্মানি।

কিন্তু, পরিস্থিতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইউক্রেনকে প্রতিশ্রুতির চেয়ে বেশি সহযোগিতা দেওয়া হয়েছে, যার ফলে জনগণের মধ্যে অসন্তোষের বীজ দানা বাঁধছে।

দেশটির প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার আঠারো বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে, চারভাগের এক ভাগ মনে করছে, ইউক্রেনকে দেওয়া সামরিক, আর্থিক, মানবিক সহায়তা এখনই বন্ধ করা উচিত।

সবমিলিয়ে, ইউক্রেনকে সহায়তা বন্ধ করার বিপরীতে অবস্থান নিয়েছে প্রায় ৪২ শতাংশ সাধারণ জার্মান। জরিপের ফলাফল অনুযায়ী, যুদ্ধের সমাপ্তি ঘটাতে মস্কো ও বার্লিনের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশটির ৪৯ শতাংশ জনগণ।

এদিকে, ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে ইইউর সম্মিলিত তহবিল থেকে আরও ২২০ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার পাশাপাশি জার্মান শিল্প উদ্যোক্তাদের ইউক্রেনে বিনিয়োগের আহ্বান জানানোয় চ্যান্সেলর মের্ৎসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল এএফডি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ

যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়ার জন্য সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। নির্দিষ্ট প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করে হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম অথবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব, যা কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে সম্পন্ন করা যায়।

বিশেষ করে নতুন অভিবাসী এবং পেশা পরিবর্তনে আগ্রহীদের জন্য পাঁচটি হেলথ কেয়ার সাপোর্ট পেশা হতে পারে ক্যারিয়ার শুরুর বাস্তবসম্মত পথ। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, সার্টিফায়েড নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফ্লেবোটোমিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সার্জিক্যাল টেকনোলজিস্ট এবং ফার্মেসি টেকনিশিয়ান পেশায় প্রবেশের জন্য বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তবে চাকরির শর্ত, লাইসেন্স এবং সার্টিফিকেশন সংক্রান্ত নিয়ম অঙ্গরাজ্য এবং নিয়োগদাতাভেদে আলাদা হতে পারে।

প্রথম সুযোগটি হলো সার্টিফায়েড নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা সিএনএ। এই পেশায় রোগীদের গোসল, খাওয়াদাওয়া, পোশাক পরিবর্তন ও চলাফেরায় সহায়তা করতে হয়। রোগীর ব্লাড প্রেসার, শরীরের তাপমাত্রা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য পর্যবেক্ষণ করাও তাদের দায়িত্ব। সাধারণত রেজিস্টার্ড নার্স বা লাইসেন্সপ্রাপ্ত নার্সের তত্ত্বাবধানে কাজ করেন সিএনএ কর্মীরা।

এই পেশার প্রশিক্ষণ সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে শেষ করা সম্ভব। ফেডারেল নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট নার্সিং হোমে কাজের জন্য নার্স এইড প্রশিক্ষণের ন্যূনতম সময় ৭৫ ঘণ্টা। তবে অনেক অঙ্গরাজ্যে আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন হয়। সাধারণত অনুমোদিত প্রোগ্রাম শেষ করে দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট স্টেটের নার্স এইড রেজিস্ট্রিতে নাম অন্তর্ভুক্ত করা হয়।

দ্বিতীয় সুযোগ ফ্লেবোটোমিস্ট। তাদের প্রধান কাজ রোগীর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা, সঠিকভাবে লেবেল লাগানো এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা। হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, ব্লাড ডোনেশন সেন্টার এবং চিকিৎসকের অফিসে এই পেশার কর্মীরা কাজ করেন।

ফ্লেবোটোমিস্ট প্রশিক্ষণ সাধারণত এক বছরের কম সময়ে সম্পন্ন করা যায়। অনেক প্রোগ্রাম কয়েক মাসের মধ্যেই শেষ হয়। কিছু নিয়োগদাতা হাইস্কুল ডিপ্লোমা থাকা কর্মীদের চাকরিতে প্রশিক্ষণের সুযোগও দিয়ে থাকে। তবে ক্যালিফোর্নিয়ার মতো কিছু অঙ্গরাজ্যে নির্দিষ্ট সার্টিফিকেশন প্রয়োজন। অন্য জায়গায় নিয়োগদাতারা পেশাগত সার্টিফিকেশনকে গুরুত্ব দিতে পারেন।

তৃতীয় সুযোগ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। চিকিৎসকের অফিস, আউটপেশেন্ট ক্লিনিক ও অন্যান্য হেলথ কেয়ার প্রতিষ্ঠানে এই পেশার কর্মীরা চিকিৎসাসংক্রান্ত এবং প্রশাসনিক দুই ধরনের দায়িত্ব পালন করেন। রোগীর ব্লাড প্রেসার মাপা, মেডিকেল হিস্ট্রি সংগ্রহ, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ এবং মেডিকেল রেকর্ড সংরক্ষণ তাদের সাধারণ কাজের মধ্যে পড়ে। নির্দিষ্ট নিয়ম ও তত্ত্বাবধানে কিছু ক্লিনিক্যাল কাজও করতে পারেন তারা।

মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রোগ্রাম সাধারণত প্রায় এক বছর এবং অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম প্রায় দুই বছর মেয়াদি। কিছু প্রতিষ্ঠানে চাকরির মধ্যেও প্রশিক্ষণ দেওয়া হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে এই পেশার জন্য আলাদা লাইসেন্স বাধ্যতামূলক না হলেও কিছু অঙ্গরাজ্যে বিশেষ শর্ত রয়েছে। নিয়োগদাতারাও স্বীকৃত সার্টিফিকেশন চাইতে পারেন।

চতুর্থ সুযোগ সার্জিক্যাল টেকনোলজিস্ট। অস্ত্রোপচারের আগে অপারেটিং রুম প্রস্তুত করা, জীবাণুমুক্ত যন্ত্রপাতি সাজানো এবং অস্ত্রোপচার চলাকালে সার্জনকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা তাদের অন্যতম দায়িত্ব। হাসপাতাল ও সার্জারি সেন্টারে এই পেশার কর্মীদের কাজের সুযোগ রয়েছে।

এই পেশায় সাধারণত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করতে হয়। প্রোগ্রামভেদে প্রায় এক থেকে দুই বছর সময় লাগতে পারে। অনেক নিয়োগদাতা সার্টিফায়েড সার্জিক্যাল টেকনোলজিস্ট বা সিএসটি সার্টিফিকেশনকে গুরুত্ব দেন। কিছু অঙ্গরাজ্যে পেশাটির জন্য অতিরিক্ত নিয়মও রয়েছে।

পঞ্চম সুযোগ ফার্মেসি টেকনিশিয়ান। এই পেশায় ফার্মাসিস্টের তত্ত্বাবধানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রস্তুতের কাজে সহায়তা, ওষুধের লেবেল ও ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব পালন করতে হয়। রিটেইল ফার্মেসি ও হাসপাতালের ফার্মেসিতে কাজের সুযোগ রয়েছে।

ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করতে সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা প্রয়োজন। অনেক কর্মী চাকরির মধ্যেই প্রশিক্ষণ নেন। অন্যরা নির্দিষ্ট প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেন। এসব প্রশিক্ষণ সাধারণত এক বছরের কম সময়ের হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে পেশাটি নিয়ন্ত্রিত এবং স্টেটভেদে রেজিস্ট্রেশন, লাইসেন্স বা সার্টিফিকেশন প্রয়োজন হতে পারে।

তবে শুধু কোর্সে ভর্তি হলেই চাকরির যোগ্যতা নিশ্চিত হয় না। যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগ্রামটির অনুমোদন ও স্বীকৃতি যাচাই করা। বিশেষ করে কোনো প্রোগ্রাম শেষ করার পর কাঙ্ক্ষিত সার্টিফিকেশন পরীক্ষায় অংশ নেওয়া যাবে কিনা, তা আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সিএমএ পরীক্ষার নির্দিষ্ট যোগ্যতার ক্ষেত্রে কমিশন অন অ্যাক্রেডিটেশন অব অ্যালাইড হেলথ এডুকেশন প্রোগ্রামস (CAAHEP) অথবা অ্যাক্রেডিটিং ব্যুরো অব হেলথ এডুকেশন স্কুলস (ABHES) স্বীকৃত প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। তবে পরীক্ষায় অংশ নেওয়ার বিকল্প যোগ্যতার পথও রয়েছে।

প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাছাইয়ের আগে ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ বা এক্সটার্নশিপের সুযোগ, পরীক্ষায় পাসের হার, চাকরি পাওয়ার পরিসংখ্যান এবং মোট খরচ যাচাই করা জরুরি। কোর্স ফির বাইরে পরীক্ষার ফি, ইউনিফর্ম, ব্যাকগ্রাউন্ড চেক, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খরচও থাকতে পারে।

কমিউনিটি কলেজ এবং অনুমোদিত টেকনিক্যাল প্রতিষ্ঠানে এসব প্রোগ্রাম পাওয়া যায়। যোগ্যতা অনুযায়ী কিছু শিক্ষার্থী ফিন্যান্সিয়াল এইড, স্কলারশিপ বা কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ সহায়তার সুযোগ পেতে পারেন।

এসব পেশায় কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও উচ্চতর ক্যারিয়ার গড়তেও সহায়ক হতে পারে। যেমন সিএনএ হিসেবে কাজ করার পর কেউ প্রয়োজনীয় পড়াশোনা সম্পন্ন করে লাইসেন্সপ্রাপ্ত প্র্যাকটিক্যাল নার্স বা রেজিস্টার্ড নার্স হওয়ার চেষ্টা করতে পারেন। একইভাবে ফ্লেবোটোমিস্ট থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে নার্সিং বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।

তবে একটি পেশার সার্টিফিকেশন থাকলেই অন্য পেশার লাইসেন্স বা ডিগ্রি পাওয়া যায় না। উচ্চতর পেশায় যেতে আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পরীক্ষার প্রয়োজন হতে পারে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের বেতনের তথ্য অনুযায়ী, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বার্ষিক মধ্যম বেতন ছিল ৪৫ হাজার ৬৯০ ডলার। ফ্লেবোটোমিস্টদের ক্ষেত্রে ৪৫ হাজার ২৩০ ডলার এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে ৪২ হাজার ২৬০ ডলার। ফার্মেসি টেকনিশিয়ান ও সার্জিক্যাল টেকনোলজিস্টদের আয়ও কাজের ধরন, অভিজ্ঞতা ও কর্মস্থল অনুযায়ী ভিন্ন হয়। এসব পরিসংখ্যান জাতীয় পর্যায়ের মধ্যম বেতন, নতুন কর্মীদের নিশ্চিত প্রারম্ভিক বেতন নয়।

বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুযায়ী, হেলথ কেয়ারে ক্যারিয়ার শুরু করার আগে নিজের অঙ্গরাজ্যের লাইসেন্সিং কর্তৃপক্ষের নিয়ম, প্রশিক্ষণের মান এবং নিয়োগদাতার শর্ত যাচাই করা প্রয়োজন। বৈধভাবে কাজ করার অনুমতি ও সংশ্লিষ্ট পেশার যোগ্যতা থাকাও জরুরি।

দীর্ঘমেয়াদি পড়াশোনার সুযোগ না থাকলেও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে হেলথ কেয়ার খাতে প্রবেশের একাধিক পথ রয়েছে। সঠিক প্রোগ্রাম নির্বাচন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে এসব পেশা ভবিষ্যতে আরও বড় ক্যারিয়ারের ভিত্তি তৈরি করতে পারে।

সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (BLS)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনায় ডুবোচর, বিপাকে কৃষক ও মাঝিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


যমুনায় ডুবোচর, বিপাকে কৃষক ও মাঝিরা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির স্তর হ্রাস পাওয়ায় তীব্র নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। নদীর উপর অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। কিছু স্থানে হাঁটুপানি, কিছু স্থানে কোমরসমান পানি দেখা যাচ্ছে, আবার কোথাও একসময়ের ব্যস্ত নৌপথ শুকিয়ে গেছে। ডুবোচরে নৌকা আটকে যাচ্ছে, ফলে মাঝিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এর ফলে নৌকার মাঝিরা জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছেন, এবং কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, যমুনা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে একের পর এক ডুবোচর জেগে উঠছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার খেয়াঘাট ও নৌরুটে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কিছু খেয়াঘাটে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। একসময় যে পথ দিয়ে সহজেই নৌকায় পারাপার হতেন চরাঞ্চলের মানুষ, এখন সেই পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত নদী পারাপার হওয়া যাত্রীরা।

গত কয়েক বছর ধরে সারিয়াকান্দি এলাকায় যমুনা নদীতে বড় ধরনের বন্যা না হওয়ায় নদীর পানি দ্রুত কমে যাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। ২০২৫ সালে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। চলতি বছরও পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর পর দ্রুত নেমে যায়। ফলে নদীর বিভিন্ন স্থানে পলি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এর প্রভাব পড়েছে উপজেলার নৌ যোগাযোগ ব্যবস্থায়।

সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে পানির গভীরতা কমে যাওয়ায় নৌকা চলাচল করতে পারছে না। মাঝনদীতে ডুবোচরে আটকে যাচ্ছে যাত্রী ও মালামালবাহী নৌকা। মাঝিদের অনেক সময় নৌকা থেকে নেমে পানির মধ্যে দিয়ে ঠেলে নৌকা পার করতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি শারীরিক পরিশ্রমও বেড়েছে কয়েকগুণ। কখনো কখনো যাত্রীদেরও নৌকা থেকে নেমে হেঁটে পার হতে হচ্ছে।

নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল নয়াপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটের অবস্থা নাজুক। কোথাও নৌপথের দৈর্ঘ্য কমে এসেছে, আবার কোথাও পানি না থাকায় নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের কৃষকদের। নদীপথে সহজে কৃষিপণ্য পরিবহনের সুযোগ না থাকায় উৎপাদিত ফসল ঘোড়ার গাড়িতে কিংবা কাঁধে বহন করে বাজারে নিতে হচ্ছে। এতে পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফসল উৎপাদনে সার, বীজ, শ্রমিক ও সেচ খরচের পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে তাদের। অনেক কৃষকের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ফসল বিক্রি করে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে যাবে।

সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের আলতাফ আলী খেয়াঘাটের মাঝি বলেন, ‘আগে আমার নৌরুটের দৈর্ঘ্য ছিল প্রায় দুই কিলোমিটার। এখন যমুনার পানি শুকিয়ে যাওয়ায় সেই পথ কমে মাত্র ৫০ মিটারে দাঁড়িয়েছে। সেখানে আবার কোমর পানির নিচ দিয়ে সামান্য একটি স্রোতধারা রয়েছে। কয়েক দিনের মধ্যে সেটিও শুকিয়ে যেতে পারে। তখন খেয়াঘাট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানুষ এখন নৌকায় পারাপারের পরিবর্তে হেঁটেই চলাচল করছে। খেয়াঘাট ইজারা নিয়ে আমি এখন আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছি।’

কাজলা কুড়িপাড়া গ্রামের কৃষক সুজন মিয়া জানান, ‘নদীতে পানি না থাকায় আমাদের কষ্টের শেষ নেই। জমিতে ফসল ফলানোর পর সেই ফসল বাড়ি থেকে বাজারে নিতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। ঘোড়ার গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে ফসল পরিবহন করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। অথচ নদীতে পানি থাকলে নৌকায় অল্প খরচেই ফসল বাজারে নিতে পারতাম। এখন ফসল ফলিয়েও আমরা লাভবান হতে পারছি না।’

সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের কালিতলা নৌঘাটের মাঝি ওবাইদুল বলেন, ‘নদীতে পানি কম থাকায় নৌকা বারবার ডুবোচরে আটকে যাচ্ছে। নৌকা ছাড়াতে আমাদের পানিতে নেমে ঘাড় লাগিয়ে ঠেলে সরাতে হচ্ছে। এতে অনেক কষ্ট হয়। যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত ড্রেজিং করে নৌরুটটি সচল করা হোক।’

এদিকে সারিয়াকান্দির গুরুত্বপূর্ণ সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট সচল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ডুবোচর কেটে নৌযান চলাচলের উপযোগী করতে এস্কেভেটর মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে সারিয়াকান্দির প্রধান নৌরুট সচল রাখতে ইতিমধ্যে এস্কেভেটর মেশিন দিয়ে ডুবোচর কেটে দেওয়া হচ্ছে। এতে নৌকা চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি। সারিয়াকান্দিকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। নৌবন্দরের কাজ শুরু হলে নৌরুটগুলো সচল রাখতে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং করা হবে। তখন নাব্যতা সংকটের এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।’

তবে স্থানীয়দের দাবি, শুধু প্রধান নৌরুট নয়, উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট ও চরাঞ্চলের নৌপথ সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে প্রতি বছরই এমন দুর্ভোগের মুখে পড়তে হবে তাদের।

যমুনার বুকে জেগে ওঠা ডুবোচর এখন শুধু নৌকা চলাচলের বাধা নয়, বরং চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌপথ সচল করার পাশাপাশি কৃষক ও মাঝিদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সূচক ৩ শতাংশ পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সূচক ৩ শতাংশ পতন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাজারে ধস নামার আশঙ্কার কারণে গত সপ্তাহে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এই পরিস্থিতির প্রভাব দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারেও লক্ষ্য করা যাচ্ছে। সোমবার লেনদেনের শুরুতেই দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কসপি প্রায় ৩ শতাংশ কমে যায়।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকের সূচক ৫ শতাংশের বেশি কমে লেনদেন শেষ হয়। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক ঘটে, কিন্তু এই পতন ঠেকানো সম্ভব হয়নি। একই দিনে যুক্তরাষ্ট্রের বৃহত্তর শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এর দরও ৩ দশমিক ৭ শতাংশ কমে যায়।

সোমবার দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটের মধ্যে দেশটির প্রযুক্তি খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের শেয়ারের দাম যথাক্রমে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ ও ২ দশমিক ৭ শতাংশ কমে যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সচল রাখতে এসব প্রতিষ্ঠানের তৈরি উন্নত মেমোরি চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত কয়েক মাস ধরে এআই প্রযুক্তির চিপের ব্যাপক চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল।

তবে, বিশ্বজুড়ে এআই খাতের এই প্রবৃদ্ধি কতটা টেকসই হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির শেয়ারবাজারে চাপ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%