১২:৩১ পি.এম
বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। ফিলিস্তিনের দুটি মানবাধিকার সংগঠন এসব শিশুর ওপর নির্যাতন, অনাহার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। তারা জানায়, বন্দি শিশুদের শিক্ষা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি যৌথ বিবৃতিতে এই অভিযোগগুলি তুলে ধরে ফিলিস্তিনের কমিশন অব ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটি। সংগঠন দুটির তথ্যমতে, ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ৩৫০ শিশুর মধ্যে তিনটি মেয়ে রয়েছে।
তারা জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুই হাজারের বেশি শিশুকে গ্রেপ্তারের ঘটনা নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
যুদ্ধের সময় গাজা থেকেও অনেক শিশুকে আটক করা হয়েছে। তবে তাদের জোরপূর্বক নিখোঁজ রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়ার কারণে ঠিক কতজন শিশুকে আটক করা হয়েছে, তারা কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা জানা সম্ভব হচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে বাড়িতে অভিযান চালিয়ে, সামরিক চেকপোস্টে, রাস্তায় এবং স্কুলের ভেতরে বা আশপাশ থেকে শিশুদের আটক করছে ইসরাইলি বাহিনী।
সংগঠন দুটি অভিযোগ করেছে যে, আটক শিশুদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে। বারবার এই আটকাদেশের মেয়াদ বাড়ানোর ফলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। এতে অনির্দিষ্টকালের জন্য কারাবন্দি থাকার ঝুঁকিতে পড়ছে শিশুরা।
বিবৃতিতে আরও বলা হয়, আটকের পর অনেক শিশুর হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপর আইনজীবী কিংবা পরিবারের কাউকে উপস্থিত থাকতে না দিয়েই ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের ঘুম ও বিশ্রাম থেকেও বঞ্চিত করা হয় বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
তাদের ভাষ্য অনুযায়ী, কারাগারে শিশুদের এমন কক্ষে রাখা হচ্ছে, যেখানে অতিরিক্ত বন্দির কারণে গাদাগাদি অবস্থা তৈরি হয়েছে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই। পাশাপাশি চিকিৎসাসেবা, শিক্ষা ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।
অপর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রী ও অতিরিক্ত বন্দির কারণে কারাগারে শিশুদের মধ্যে খোসপাঁচড়া সহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অসুস্থ হওয়ার পরও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছে সংগঠন দুটি।
এ ছাড়া শিশুদের খাবার থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। দীর্ঘদিনের অনাহারে শিশুদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে ২০২৫ সালের মার্চে ইসরাইলের মেগিদ্দো কারাগারে মারা যাওয়া ফিলিস্তিনি শিশু ওয়ালিদ খালেদ আহমদের ঘটনাও তুলে ধরা হয়। সে রামাল্লার পূর্বে অবস্থিত সিলওয়াদ এলাকার বাসিন্দা ছিল।
আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন
সংগঠন দুটির দাবি, ময়নাতদন্তে শিশুটির শরীরে মারাত্মক অপুষ্টির চিহ্ন পাওয়া যায়। তার শরীরে পেশি ও চর্বির পরিমাণ প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। অনাহার ও পানিশূন্যতাকে তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কাউকে দায়ী না করেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় আটকে রাখার পর শিশুটির মরদেহ হিমায়িত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি সংগঠন দুটি ইসরাইলের বিরুদ্ধে দায়মুক্তির সংস্কৃতি এবং ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার অভিযোগ তুলেছে। তারা শিশুদের প্রশাসনিক আটক বন্ধ, বন্দি অপ্রাপ্তবয়স্কদের মুক্তি এবং নির্যাতন, অনাহার ও জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংগঠনগুলোর মতে, ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এসব লঙ্ঘনের বিচার না হলে শিশু অধিকার রক্ষার আন্তর্জাতিক ব্যবস্থাই হুমকির মুখে পড়বে।
আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ
ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৯ হাজার ৩৫০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩৫০ জন শিশু এবং ৯০ জন নারী। বন্দিদের ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসায় অবহেলার অভিযোগও রয়েছে। ইসরাইলের হেফাজতে থাকা অবস্থায় কয়েক ডজন ফিলিস্তিনির মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন