প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন, বর্তমানে নতুন আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ, জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকাদের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত করেছে। ৪৫ জনের মধ্যে তিনি পঞ্চম স্থানে অবস্থান করছেন।
রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করার পর থেকে, নতুন ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন, সেই বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ভোগের তালিকা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
রোববার প্রকাশিত তালিকায়, জং হো-ইয়ন এর অভিনয়ের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তার অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তার উপস্থিতির উল্লেখ করা হয়েছে।
ভোগের মতে, যদি নতুন জেমস বন্ড ছবির গল্প এশিয়ায় বিস্তৃত হয়, তবে নায়িকা হিসেবে জং হো-ইয়ন একটি চমৎকার পছন্দ হতে পারেন। তবে, এটি ভোগের নিজস্ব সম্ভাব্য তালিকা, এবং জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অ্যামাজন এমজিএম স্টুডিওস থেকে।
জং হো-ইয়ন ২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। সিরিজটিতে তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করেন। এরপর, যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজে তাকে দেখা গেছে।
এ বছর, না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও মার্গারেট কোয়ালি, জেনডায়া এবং ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা রয়েছেন। অতীতে, জেমস বন্ড সিরিজে এশীয় অভিনেত্রীদের দেখা গেছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। তবে, এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে অভিনয় করেননি। যদি জং হো-ইয়ন সেই সুযোগ পান, তবে তিনিই হবেন প্রথম।
জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট।
কে এই জং হো-ইয়ন
জং হো-ইয়ন ১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। অভিনয়ে আসার আগে তিনি মডেল হিসেবে পরিচিতি লাভ করেন। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর আন্তর্জাতিক ফ্যাশন জগতে কাজের সুযোগ পান।
জং হো-ইয়ন লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন। ২০২১ সালে ‘স্কুইড গেম’ দিয়ে তার অভিনয়ে অভিষেক ঘটে। এই সিরিজে অভিনয়ের জন্য ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এরপর হলিউডে কাজের সুযোগ তৈরি হয় তার।
কোরিয়া টাইমস অবলম্বনে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন