প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। দেশের অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে।
আজ সকাল ৬টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। এদিন ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত কুমিল্লায় ১০১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন