০৭:৫১ পি.এম
ইউক্রেনের ওপর ব্যাপক আকাশ হামলার প্রেক্ষাপটে পোল্যান্ডের ভূখণ্ডে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন আছড়ে পড়ার ঘটনায় পূর্ব ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। পোলিশ কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনীর এই অনুপ্রবেশ একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি মস্কোর ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারা সক্রিয় করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
কী ঘটেছিল?
পোল্যান্ডের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেন সীমান্তের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের বিভিন্ন স্থানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছে। এর মধ্যে একটি রুশ তৈরি কেএইচ-১০১ (Kh-101) ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতভর ও ভোরের দিকে চলা এই ঘটনার পর পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান আকাশে চক্কর দেয়। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ন্যাটোর অ্যাওয়াক্স (AWACS) নজরদারি বিমান মোতায়েন করা হয়। রজেসোও আশপাশের অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনাকে রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’ এবং উত্তেজনা বৃদ্ধির নতুন ধাপ হিসেবে অভিহিত করেছেন। উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ঠিক এমন সময় ও স্থানে এই আকাশসীমা লঙ্ঘন ঘটেছে, যখন কাছাকাছি এলাকায় বহুজাতিক সামরিক মহড়া চলছিল—যা নিছক কাকতালীয় বলে মনে করা কঠিন।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ এবং ইউক্রেন যুদ্ধের অত্যন্ত বিপজ্জনক পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওয়ারশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আকাশ প্রতিরক্ষা ও নজরদারি জোরদারের ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে বড় প্রশ্ন হলো, ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানাবে? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; এর জন্য ৩২টি সদস্য দেশের সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। বিশ্লেষকদের মতে, প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় এবং সরাসরি যুদ্ধ এড়ানোর প্রবণতা থাকায় আপাতত ৫ নম্বর ধারা চালুর সম্ভাবনা ক্ষীণ।
এর পরিবর্তে, পোল্যান্ড চাইলে জরুরি পরামর্শের জন্য ৪ নম্বর ধারা সক্রিয় করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে সে পথে না গিয়ে ওয়ারশ ন্যাটোর মিত্রদের কাছ থেকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, সেনা ও নজরদারি সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও এই ধরনের ঘটনায় ভুল বোঝাবুঝি বা হিসাব-নিকাশের ভুলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন