০৭:৪৯ পি.এম
২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ফলে মিয়ানমার গণহত্যার ঘটনা ঘটিয়েছে—এমন ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশের বিশাল শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার রোহিঙ্গা এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তবে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে তাদের ফিরে যাওয়ার প্রক্রিয়া কতটা সহজ হবে, তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে এবং এই পরিস্থিতির মধ্যেই এই রায় এসেছে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অংশে, যা মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত, প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। একদিকে, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই বিশাল জনগোষ্ঠীকে টিকিয়ে রাখতে বাংলাদেশ হিমশিম খাচ্ছে; অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই রায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে। তাদের মতে, ‘প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তবসম্মত সমাধান।’
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রায়ের পর প্রথম সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এটা আগামীকাল বা খুব শিগগিরই ঘটবে না। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমরা অন্যান্য সংস্থার সঙ্গে বহুপাক্ষিক চাপ প্রয়োগ করব, যাতে ১ থেকে ১.৫ বছরের মধ্যে এটি (প্রত্যাবাসন) করা যায়।’
তবে বিশ্লেষকদের মতে, শরণার্থীদের ফেরত পাঠানোর বহু বছরের চেষ্টাগুলো এর আগে ব্যর্থ হয়েছে। গণহারে হত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের মতো অপরাধের জন্য আইসিজে যে সামরিক বাহিনীকে তিরস্কার করেছে, তাদের সমর্থনপুষ্ট মিয়ানমার সরকার সহজেই রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হবে না।
মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো জানান, ‘আদেশগুলোর মধ্যে নিজ মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি রয়েছে। তবে বাস্তবে তা ঘটার সম্ভাবনা কমই রয়ে গেছে।’ তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর শুরু হওয়া গৃহযুদ্ধের কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমার সরকার দাবি করেছে যে আইসিজে-র এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং এটি অন্যায্য; পাশাপাশি তারা মন্তব্য করেছে যে মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
রাখাইন রাজ্যে সংঘাত ও বদলে যাওয়া বাস্তবতা
উল্লেখ্য, এই গণহত্যা মামলার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ২০১৭ সালের সামরিক অভিযান, যার ফলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন। এর ছয় বছর পর, ২০২৩ সালের শেষ দিকে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে রাখাইন রাজ্যে নতুন করে লড়াই শুরু হয়। এতে আরও মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন এবং শরণার্থীর সংখ্যা আরও বাড়ে।
মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইন রাজ্যের প্রায় পুরো নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে—যেই এলাকাগুলোতে বেশিরভাগ রোহিঙ্গার ফিরে যাওয়ার কথা।
তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ থাকা এই গোষ্ঠীটি আইসিজের রায় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি তাদের কোনো মুখপাত্র।
আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ
মিয়ানমার গত আগস্টে জানিয়েছিল যে, তারা বাংলাদেশের শিবিরগুলোতে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে; তবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই কেবল প্রত্যাবাসন শুরু হবে।
একাধিক হিসাব অনুযায়ী, ২০১৭ সালের আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা থাকলেও বর্তমানে রাখাইনে রয়েছেন মাত্র ৬ লাখের মতো, যার মধ্যে ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুতদের শিবিরে বন্দী দশায় আছেন।
মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে আসছে এবং তাদের নাগরিকত্ব দেয়নি—যদিও রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশেই বসবাস করছে।
রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা ‘আরাকান প্রজেক্ট’-এর পরিচালক ক্রিস লিওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার এবং প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের ফিরে যাওয়া সম্ভব নয়।’
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো
রাখাইনের রাজধানী সিত্তের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের (আইডিপি) শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তারা অবরুদ্ধ অবস্থায় আছেন, চলাফেরা ও ত্রাণের জন্য সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল এবং পালটা হামলার ঝুঁকিতে রয়েছেন।
বাংলাদেশের সামনে সমীকরণ ও আঞ্চলিক উদ্যোগ
প্রায় ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ নিজেই অর্থনৈতিক চাপে রয়েছে। সেখানে রোহিঙ্গাদের আয়-রোজগারেরও কোনো সুযোগ নেই এবং বাংলাদেশও চায় তারা নিজ দেশে ফিরে যাক। তবে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল রোহিঙ্গারা নিজ দেশে ফিরবেন বলে বারবার বাংলাদেশ জানিয়েছে।
যদিও এই রায় কূটনৈতিক চাপ প্রয়োগসহ ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ঢাকার অবস্থানকে শক্তিশালী করেছে, তবু এটি বাংলাদেশের সামনে দ্বিধাও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক ছড়াচ্ছে
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘যে রাষ্ট্রকে আদালত এখন গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে, সেই রাষ্ট্রের সঙ্গেই এবং ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও ঢাকাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে।’
গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে বহুপাক্ষিক প্রচেষ্টা জোরদার করবে ঢাকা। তবে বাংলাদেশে রোহিঙ্গাদের টিকিয়ে রাখতে তহবিল বড় সংকট হয়ে দাঁড়িয়েছে; জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার মাত্র প্রায় ৬৯ শতাংশ এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে।
স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মালয়েশিয়াও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের তথ্যের বরাতে জানিয়েছেন, সেপ্টেম্বর শেষ নাগাদ মালয়েশিয়ায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার ৪০০। এর মধ্যেই শুক্রবার মালয়েশিয়া ঘোষণা দেয় যে এক কাঠামোগত দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় তারা ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করবে, যা একটি বড় পুনর্বাসন উদ্যোগ।
আরও পড়ুন: জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার
এদিকে বাংলাদেশের ঘিঞ্জি শিবিরে বসবাসরত ২৪ বছর বয়সি মোহাম্মদ যুবায়েরের কাছে আইসিজে-র এই রায় নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। তিনি বলেন, ‘একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্তটি আমাকে নতুন শক্তি দেয়। আমার সবচেয়ে বড় স্বপ্ন কেবল এটুকু নয় যে বিশ্ব আমাদের সঙ্গে যা ঘটেছে তা স্বীকার করুক; বরং এমন একটি দিন দেখা, যেদিন আমরা আমাদের পূর্বপুরুষের মাটিতে স্বাধীনভাবে হাঁটতে পারব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন