১২:৩২ পি.এম
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মুসলিম কমিউনিটির ঐক্য, সামাজিক কল্যাণ এবং অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি, সদস্য, ইমাম, আলেম-ওলামা এবং কমিউনিটি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা তাকে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে ব্যস্ত সময় থেকে মূল্যবান সময় দিয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ এবং সেই ভূখণ্ডের স্মৃতি হৃদয়ে ধারণ করার বিষয়টি বাংলাদেশিরা উপলব্ধি করেন।" তাই তিনি মনে করেন, যারা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি গভীর সম্মান জানানো উচিত।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, কাউন্সিল বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
তিনি মুসলিম কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন