ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার


চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৬ : চান্দগাঁওয়ের অন্নকূট অনুষ্ঠানের সময় পূজারি সাজে মন্দিরে প্রবেশ করে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজারির বেশে চুরির উদ্দেশ্যে তারা মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় গোপন করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরিধান করেছিলেন।

শনিবার চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় এবং চুরি হওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থিত।

পুলিশ জানায়, অন্নকূট উৎসবে মন্দিরটিতে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু সমাগম ঘটে, ফলে প্রবেশপথে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন। মন্দিরে প্রবেশ করার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে।

একটি চেইনের ওজন ছয় আনা এবং অন্যটির ওজন সাড়ে ছয় আনা।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তখন তারা দুজন মন্দির থেকে বের হননি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্বারা একটি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্র পাচারে জড়িত একটি চক্র নিজেদের পরিচয় গোপন রাখতে ‘কাট-আউট’ পদ্ধতি ব্যবহার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাড়াইল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) এবং তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাদেরকে অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তারা জানতেন না সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করতে হবে। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রটি ‘কাট-আউট’ কৌশলে কাজ করছিল। এই পদ্ধতিতে চক্রের এক পর্যায়ের সদস্যরা অন্য পর্যায়ের সদস্যদের পরিচয় জানতে পারেন না। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র নিয়ে খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে চালানের প্রাপক নির্ধারণ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, এ অস্ত্র সরবরাহের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার শাহীন আলী (৫৬) নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পুলিশ দাবি করেছে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ এ ধারায় মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনায় সম্ভাব্য প্রাপক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক চোরাকারবারীদের গডফাদারগণ এ রুটটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

কুমিল্লা, ২১ নভেম্বর, ২০২৬ : কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

তিনি মহান মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

মেজর জেনারেল চৌধুরী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে এ সম্মিলিত সামরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা এবং বিতরণের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ হলেই কোনো পরিবারকে এ সহায়তার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সহায়তা বিতরণে স্বচ্ছতা আনার জন্য সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তালিকা প্রণয়ন এবং যাচাই-বাছাইয়ের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকা বা সহায়তা নিয়ে কোনো আপত্তি উঠলে তা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রাখা হয়েছে।

এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার এ সহায়তা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও কর্মসূচির আওতায় আনতে পারবে।

১২ শর্তের চারটি পূরণ করতে হবে

দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্ত করতে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি পূরণ হলে সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে পরিবারের বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীলতা, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া।

এ ছাড়া স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্য হওয়া, প্রতিবন্ধী সদস্য থাকা এবং অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী না হওয়াও বিবেচনায় আসবে। প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া এবং বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোটে না—এমন পরিবারও তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবে।

ভিজিএফে ৩০ কেজি, মহামারিতে নগদ সহায়তা

দুস্থদের খাদ্যসহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম দরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কর্মহীন সময়ে খাদ্যসংকটে পড়া জনগোষ্ঠী এ সুবিধা পাবে।

বিশেষ পেশায় নিয়োজিত অতিদরিদ্র মানুষকে জনস্বার্থে কাজ থেকে বিরত রাখার সময়ও খাদ্যসহায়তা দেওয়া যাবে। নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হলে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।

অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন, ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য সরবরাহ করা যাবে।

দুর্যোগে মৃত্যুতে ৫০ হাজার টাকা

দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে কারও মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় সর্বোচ্চ ২৫ হাজার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ সহায়তা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব।

গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। আহত পশুর চিকিৎসার জন্যও অর্থ বরাদ্দের সুযোগ রয়েছে। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার এবং চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।

শিশুখাদ্যে ৩ হাজার, পশুখাদ্যে ২ হাজার টাকা

দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে। এ অর্থ দিয়ে দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় খাবার কেনা যাবে।

একইভাবে গবাদিপশুর খাবার কিনতে অসচ্ছল পরিবার বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা পাবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন গোখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

শীতবস্ত্রের ক্ষেত্রে একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার এবং একটি পরিবারকে সর্বোচ্চ দুটি দেওয়া যাবে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপ্রতি একটি ও পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে। তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাবু দেওয়া যাবে। তবে আগের বছর একই ধরনের সরকারি সহায়তা পাওয়া ব্যক্তি বা পরিবার পরবর্তী সময়ে তা পাওয়ার যোগ্য হবে না।

ঢেউটিন ও ঘর নির্মাণে নগদ সহায়তা

দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে চার বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। সাধারণভাবে ১০ বছরে একবার এ সুবিধা পাওয়া যাবে।

দুর্যোগে বাসগৃহ বা স্বনির্মিত দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো যাবে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ী উভয়েই এ সুবিধা পাবেন।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দের বিধান রয়েছে।

নগদ সহায়তার ক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ৫০ হাজার টাকা দেওয়া যাবে। শিক্ষা, ধর্মীয় ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা সহায়তা পাওয়া যাবে। সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবারকে প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা করে দেওয়া যাবে। এ সুবিধাও ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।

তালিকা যাচাই ও অভিযোগ নিষ্পত্তিতে নতুন নিয়ম

নতুন নির্দেশিকায় সুবিধাভোগী নির্বাচনে কয়েকটি ধাপ নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রাম পর্যায়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। ইউনিয়নের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। জেলা পর্যায়ে সব উপজেলার তালিকা একীভূত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তর দেশের সব জেলার তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে।

দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রতিবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এবং পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।

তালিকায় নাম না থাকা বা সহায়তা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

সাত কর্মদিবসে সহায়তা বিতরণ বাধ্যতামূলক

বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানো এবং স্বজনপ্রীতি ও দুর্নীতি প্রতিরোধে নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বিতরণে পৃথক ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনাও রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চূড়ান্তভাবে অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করবেন। পাশাপাশি কম্পিউটারে নিকষ বা ইউনিকোড ফন্টে তথ্য সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএসের মাধ্যমে এসব তথ্য প্রকাশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।

স্বচ্ছতা বাড়াতেই নতুন নির্দেশিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ গণমাধ্যমকে জানান, নতুন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হলেও এখন তা ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।

তিনি জানান, ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। উপকারভোগী নির্বাচনে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ন্যূনতম চারটি পূরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

সেখ ফরিদ আহমেদ বলেন, স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করলে প্রকৃত উপযুক্ত ব্যক্তিরাই সহায়তা পাবেন। এটাই সরকারের লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%