০৮:১৯ পি.এম
পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এমন মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে ‘সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে' বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
উপাচার্য উল্লেখ করেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এবং স্বাধীনভাবে চলার এই যাত্রা বিনষ্ট করার জন্য পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
তিনি আরও বলেন, বিগত ২০ বছর ধরে দেশে আইনের শাসন ও ভোটাধিকার ছিল না। জনগণ দীর্ঘ সময় ধরে অপশাসনের শিকার হয়ে এসেছে। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপাচার্য বলেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন। অতীতে সংগঠনটির শিক্ষকরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পতিত সরকারের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে তিনি সকলের প্রতি আহ্বান জানান যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে হবে। একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন