০৮:২১ পি.এম
৮০ বছর বয়সী শয্যাশায়ী আমেনা বেগমের দিন কাটছে বয়সের ভার ও অসুস্থতার সঙ্গে লড়াই করে। চিকিৎসার খরচ ঠিকমতো জুটছে না তার। জীবনের শেষ সময়ে এসে নিজের শেষ সম্বলটুকু নিয়েও তিনি অনিশ্চয়তায় পড়েছেন।
অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যক্তি সোলাইমান হোসাইন আমেনা বেগমের পৈতৃক ১০ শতাংশ জমি দখল করে রেখেছেন। জমি ফিরে পেতে তিনি বিছানায় বসেই সংবাদ সম্মেলন করেছেন। একই দাবিতে মানববন্ধন করেছেন তার সন্তান ও প্রতিবেশীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা সদরের কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমেনা বেগম মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে দুই ছেলে কাউছার প্রামাণিক (৬০), সেলিম প্রামাণিক (৫০) এবং মেয়ে খাদিজা বেগম (৪৫) সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পরিবারের সদস্যরা জানান, আমেনা বেগমের বাবার বাড়ি পাশের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে। বাবার কাছ থেকে পৈতৃক সম্পত্তি হিসেবে ১০ শতাংশ জমি পেয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১০ বছর ধরে ওই জমি দখল করে রেখেছেন নিখুরদি গ্রামের অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। জমি ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধার সন্তানরা।
আমেনা বেগম অভিযোগ করে বলেন, “আমি কোনোদিন জমি সোলাইমানের কাছে বেচি নাই (বিক্রি করি নাই)। ও আমার জমি দখল করছে। আজ ১০ বছর ধইর্যা ও খাইতেছে, আমার ছাওয়ালগো জমিতে যাবারও দেয় না, খালি ভেজাল করে সোলাইমান।”
মানববন্ধনে বৃদ্ধার ছেলে কাউছার প্রামাণিক অভিযোগ করেন, “আমার মায়ের পৈতৃক ১০ শতাংশ জমির সঙ্গে সোলাইমানের কোনো সম্পর্ক বা ওয়ারিশও নেই। আমার মায়ের নামে রেকর্ডকৃত সম্পত্তি। অথচ ক্ষমতার দাপটে দখল করে বর্তমানে মাসুদ চোকদার নামে অন্য এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বন্ধক রেখেছে সোলাইমান।”
আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন