প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান বাস্তবতায় ইউক্রেন যুদ্ধের পঞ্চম বর্ষে রাশিয়ার হামলা এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র যুদ্ধের কৌশল নয়, বরং রাশিয়ার বৃহত্তর কূটনৈতিক কৌশলেরও প্রতিফলন। একদিকে ইউক্রেনকে কোণঠাসা করা হচ্ছে, অন্যদিকে কিয়েভের প্রধান দুই ভরসাস্থল ন্যাটো এবং ইউরোপের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।
মস্কো বাহ্যিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে রুশ কূটনীতিকরা শান্তি চুক্তির পরিবর্তে এমন সব শর্ত জুড়ে দিয়েছেন, যা মেনে নিলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অভাবে ইউক্রেন চাপের মধ্যে রয়েছে, ফলে কিয়েভ সম্মুখসারি বরাবর যুদ্ধ স্থগিত রাখার যে প্রস্তাব দিয়েছিল, মস্কো তা প্রত্যাখ্যান করেছে। ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, রাশিয়া চায় মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটো তাদের সৈন্য প্রত্যাহার করুক এবং জোটটির সম্প্রসারণ চিরতরে বন্ধ হোক। পাশাপাশি, এস্তোনিয়া বা ফিনল্যান্ডের মতো প্রতিবেশী ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদাভাবে ‘অনাক্রমণ চুক্তি’ করতে চায় মস্কো।
আবুধাবি বৈঠক শেষে রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন জানান, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলাদাভাবে এ ধরনের চুক্তি হলে মস্কোর পক্ষ থেকে তাদের বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে কূটনীতিকদের মতে, এমন দ্বিপাক্ষিক চুক্তি হলে ন্যাটোর মূল ভিত্তি—অর্থাৎ ‘এক সদস্যের ওপর হামলা মানে ৩২টি সদস্য দেশের ওপরই হামলা’—এই যৌথ প্রতিরক্ষা নীতি অকার্যকর হয়ে পড়বে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে পদত্যাগ করা সাবেক রুশ কূটনীতিক বরিস বন্দারেভ সতর্ক করে বলেন, এমন চুক্তি বাস্তবায়িত হলে ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপীয় দেশগুলো এককভাবে রাশিয়ার মুখোমুখি হতে বাধ্য হবে। ফলে একটি গুলি না ছুড়েই বা কোনো সৈন্য না হারিয়েই ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তিনি আরও জানান, এসব চুক্তিতে এমন শর্ত থাকবে যাতে রাশিয়ার সঙ্গে অন্য কোনো ইউরোপীয় দেশের যুদ্ধ বাধলে চুক্তিবদ্ধ দেশটি তাতে অংশ নিতে না পারে।
এমন পরিস্থিতিতে, রাশিয়া তাদের এই দাবিগুলো ইউরোপীয় নেতাদের না জানিয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে। কিয়েভভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মারিয়া কুচেরেনকো জানান, মস্কো ইউরোপকে পাশ কাটিয়ে কেবল আমেরিকার সঙ্গে কথা বলতে চায় এবং নিরাপত্তার চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায়ের পুরোনো কৌশল নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার আলোচনা জটিলতা স্বীকার করে বলেন, এই চুক্তিগুলো অত্যন্ত কঠিন ও স্পর্শকাতর, কারণ এটি একটি চলমান রক্তক্ষয়ী যুদ্ধ। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এসব দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন এক জগতে বাস করছেন। ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়াও আবুধাবির এই বৈঠককে ২০২২ সালের পর সবচেয়ে কঠিন আলোচনা হিসেবে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের ধারণা, শান্তি আলোচনা ঝুলিয়ে রেখে রাশিয়া মূলত সময় ক্ষেপণ করছে, যাতে ইউরোপের প্রধান দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনে সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। জনমত জরিপে তিনি বর্তমানে এগিয়ে আছেন।
অন্যদিকে, জার্মানিতে বাজেট ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ের পথে রয়েছে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। দলটি ইউক্রেনে সহায়তা বন্ধ করে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুনরায় রুশ তেল ও গ্যাস কেনার পক্ষে অবস্থান নিয়েছে।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে। এর মধ্যে ফ্রান্স ও জার্মানিতে ইউক্রেন-বিরোধী শক্তি ক্ষমতায় এলে কিয়েভ চরম বিপাকে পড়বে। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশ আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যদি একজোট হয়ে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে, তবে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার আর কোনো সুযোগ কিয়েভের হাতে থাকবে না। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন