০৫:৪২ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও নেপাল স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে।
আজ বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী নীশা মেহতার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে অধিক সংখ্যক নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
এ সময় দুই দেশের মন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। দুই মন্ত্রী অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই বৈঠকে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন