প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খননের স্থান থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার মূল উদ্গিরণস্থলের আশপাশে দুই থেকে তিনটি নতুন স্থানে গ্যাসের লিকেজ শনাক্ত করা হয়েছে। কিছু স্থানে মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হচ্ছে, আবার কোথাও কালো ধোঁয়া বের হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নতুন একটি লিকেজ পাকা ধানক্ষেতের একেবারে পাশে অবস্থান করছে। একটি বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে নতুন লিকেজ ও আগুনের দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগে মূলত একটি স্থান থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলছিল, কিন্তু এখন আশপাশের একাধিক স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। ঘটনাস্থলে অবস্থানকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাকা ধানক্ষেতের পাশে নতুন করে গ্যাসের উদ্গিরণ ও আগুনের শিখা দেখা যায়। এ সময় কালো ধোঁয়াও বের হতে দেখা গেছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগে নতুন করে মাটির নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দুই থেকে তিনটি পৃথক স্থান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। তাঁদের আশঙ্কা, পাকা ধানক্ষেতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও নতুন করে গ্যাস বের হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, নলকূপ খননের সময় গ্যাসের উদ্গিরণ শুরু হলে তাঁরা এখানে বড় ধরনের গ্যাসের মজুত থাকার আশা করেছিলেন। সরকারিভাবে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার কথাও শুনেছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবারও বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের জানিয়েছিলেন, বুধবার অথবা আগামী এক-দুই দিনের মধ্যে সেখানে কাজ শুরু হতে পারে। কিন্তু এরই মধ্যে নতুন নতুন স্থানে গ্যাসের লিকেজ দেখা দেওয়ায় তাঁদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটির নিচ দিয়ে গ্যাস ছড়িয়ে পড়তে থাকলে নতুন নতুন স্থানে উদ্গিরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে শুধু ধানক্ষেত নয়, আশপাশের বসতবাড়ি ও জনবসতিও বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে। তাঁরা দ্রুত গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে একাধিক স্থানে নতুন করে গ্যাসের লিকেজ দেখা দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত গ্যাসের গতিপথ, চাপ ও নির্গমনের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তবে নতুন লিকেজগুলোর প্রকৃত কারণ ও ঝুঁকির মাত্রা সম্পর্কে বাপেক্সের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন