ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া


ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খননের স্থান থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার মূল উদ্‌গিরণস্থলের আশপাশে দুই থেকে তিনটি নতুন স্থানে গ্যাসের লিকেজ শনাক্ত করা হয়েছে। কিছু স্থানে মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হচ্ছে, আবার কোথাও কালো ধোঁয়া বের হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নতুন একটি লিকেজ পাকা ধানক্ষেতের একেবারে পাশে অবস্থান করছে। একটি বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে নতুন লিকেজ ও আগুনের দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগে মূলত একটি স্থান থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলছিল, কিন্তু এখন আশপাশের একাধিক স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। ঘটনাস্থলে অবস্থানকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাকা ধানক্ষেতের পাশে নতুন করে গ্যাসের উদ্‌গিরণ ও আগুনের শিখা দেখা যায়। এ সময় কালো ধোঁয়াও বের হতে দেখা গেছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগে নতুন করে মাটির নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দুই থেকে তিনটি পৃথক স্থান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। তাঁদের আশঙ্কা, পাকা ধানক্ষেতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও নতুন করে গ্যাস বের হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

এলাকাবাসীর ভাষ্য, নলকূপ খননের সময় গ্যাসের উদ্‌গিরণ শুরু হলে তাঁরা এখানে বড় ধরনের গ্যাসের মজুত থাকার আশা করেছিলেন। সরকারিভাবে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার কথাও শুনেছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবারও বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের জানিয়েছিলেন, বুধবার অথবা আগামী এক-দুই দিনের মধ্যে সেখানে কাজ শুরু হতে পারে। কিন্তু এরই মধ্যে নতুন নতুন স্থানে গ্যাসের লিকেজ দেখা দেওয়ায় তাঁদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটির নিচ দিয়ে গ্যাস ছড়িয়ে পড়তে থাকলে নতুন নতুন স্থানে উদ্‌গিরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে শুধু ধানক্ষেত নয়, আশপাশের বসতবাড়ি ও জনবসতিও বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে। তাঁরা দ্রুত গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে একাধিক স্থানে নতুন করে গ্যাসের লিকেজ দেখা দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত গ্যাসের গতিপথ, চাপ ও নির্গমনের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তবে নতুন লিকেজগুলোর প্রকৃত কারণ ও ঝুঁকির মাত্রা সম্পর্কে বাপেক্সের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, যিনি ‘তেরেনাম বাবু’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে। পরে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে, গণমাধ্যমের সাথে কথা বলার সময় ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তিনি উল্লেখ করেননি যে, ঠিক কী অভিযোগে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার অভিযোগে ১৯ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার অভিযোগে ১৯ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে, যারা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং তার সহযোগী সংগঠনের সদস্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারদের পরিবারের সদস্যরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হননি, বরং কেবল পিকনিক করার জন্যই সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, গ্রেফতারদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন বলে জানা গেছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানিয়েছেন, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমার জ্যাক ডসন চরিত্রের মাধ্যমে লিওনার্দো ডি ক্যাপ্রিও বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। একটি জাহাজডুবি এবং অসমাপ্ত প্রেমের কাহিনী এই চলচ্চিত্রে ছিল।

তবে, জ্যাক ডসনের রোমান্টিক পরিচয়ের বাইরে লিওনার্দো ডি ক্যাপ্রিওর বহুমাত্রিক অভিনেতা হিসেবে এক অনন্য গল্প রয়েছে। কখনো তিনি প্রতারক, কখনো ধনকুবের, কখনো মানসিক দ্বন্দ্বে বিপর্যস্ত মানুষ, আবার কখনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করা অভিযাত্রী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।

আজ ১১ নভেম্বর এই হলিউড তারকার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন লিওনার্দো উইলহেল্ম ডি ক্যাপ্রিও। ৫২ বছরে পা রাখলেন অস্কারজয়ী এই অভিনেতা।

অভিনয়জীবনের তিন দশক ধরে তিনি অস্কার, গোল্ডেন গ্লোবসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তবে পুরস্কার বা তারকাখ্যাতির চেয়ে বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার সাহসই তাঁকে আলাদা করেছে।

লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা ডি ক্যাপ্রিওর অভিনয়ের শুরুটা ছোটবেলাতেই। শিশুশিল্পী হিসেবে টেলিভিশন বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। ১৯৯১ সালে ‘ক্রিটার্স ৩’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘দিস বয়স লাইফ’ এবং ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমা তাকে অভিনয়জগতে পরিচিতি এনে দেয়। বিশেষ করে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমায় আর্নি গ্রেপ চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রথমবার অস্কার মনোনয়ন পান।

১৯৯৬ সালে ‘রোমিও + জুলিয়েট’ সিনেমায় রোমিও চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ডি ক্যাপ্রিও। তবে পরের বছর জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতির শীর্ষে নিয়ে যায়।

সিনেমাটিতে জ্যাক ডসন চরিত্রে তার অভিনয় এবং কেট উইন্সলেটের সঙ্গে পর্দার রসায়ন আজও দর্শকের স্মৃতিতে অমলিন। বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পাওয়া সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যায়।

‘টাইটানিক’-এর সাফল্যের পর তিনি একই ধরনের রোমান্টিক চরিত্রে আটকে থাকেননি। বরং ঝুঁকি নিয়ে জটিল ও বৈচিত্র্যময় চরিত্র বেছে নিয়েছেন।

২০০২ সালে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমায় বাস্তব জীবনের প্রতারক ফ্র্যাঙ্ক অ্যাবাগনেলের চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর মার্টিন স্করসেজি পরিচালিত ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়ও দেখা যায় তাকে।

এরপর ‘দ্য অ্যাভিয়েটর’-এ বিমানচালনা ও চলচ্চিত্রজগতের উদ্যোক্তা হাওয়ার্ড হিউজ, ‘দ্য ডিপার্টেড’-এ আন্ডারকভার পুলিশ কর্মকর্তা বিলি কস্টিগান এবং ‘ব্লাড ডায়মন্ড’-এ ড্যানি আর্চারের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন।

২০১০ সালে ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ সিনেমায় ডম কব চরিত্রে অভিনয় করে আবারও দর্শক-সমালোচকদের প্রশংসা পান। পরবর্তী সময়ে ‘জে এডগার’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে হাজির হন তিনি।

বিশেষ করে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এ জর্ডান বেলফোর্ট চরিত্রে তার অভিনয় ব্যাপক আলোচিত হয়। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য বিচ’, ‘শাটার আইল্যান্ড’, ‘রেভল্যুশনারি রোড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘ডোন্ট লুক আপ’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হলো অস্কার। একাধিকবার মনোনয়ন পেলেও দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি অধরা ছিল। অবশেষে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ২০১৬ সালে সেরা অভিনেতা বিভাগে অস্কার জেতেন তিনি।

আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত সিনেমাটিতে হিউ গ্লাস নামের এক অভিযাত্রীর চরিত্রে অভিনয় করেন ডি ক্যাপ্রিও। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে। অস্কার গ্রহণের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি।

এরপর ২০১৯ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য আবারও অস্কার মনোনয়ন পান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এ আর্নেস্ট বার্কহার্ট চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় বব ফার্গুসন চরিত্রে অভিনয়ের জন্য ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনে পরিচালক মার্টিন স্করসেজির সঙ্গে তার কাজের সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘গ্যাংস অব নিউইয়র্ক’ দিয়ে শুরু হওয়া এই জুটি একে একে উপহার দিয়েছে ‘দ্য অ্যাভিয়েটর’, ‘দ্য ডিপার্টেড’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর মতো সিনেমা।

শুধু অভিনয় নয়, পরিবেশ সংরক্ষণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন ডি ক্যাপ্রিও। ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন। জীববৈচিত্র্য, বন্য প্রাণী, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে জাতিসংঘ তাকে জলবায়ু পরিবর্তনবিষয়ক শান্তির দূত হিসেবে মনোনীত করে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বিফোর দ্য ফ্লাড’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও তা মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগে অর্থায়ন ও সচেতনতা তৈরিতেও সক্রিয় এই অভিনেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম-বিদ্বেষী একটি বিতর্কিত মন্তব্যের কারণে সহকর্মী, বন্ধু ও ব্যবসায়িক সহযোগীদের হারানোর কথা জানিয়েছেন। সম্প্রতি, ওয়াশিংটনে অনুষ্ঠিত 'জুইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকা'র বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ৫৪ বছর বয়সী এই 'ক্রুয়েল ইনটেনশনস' ও 'হেলবয়' খ্যাত অভিনেত্রী জানান, মারাত্মক সমালোচনার পর তিনি বিনোদনজগৎ থেকে একপ্রকার একঘরে হয়ে পড়েছেন।

ব্লেয়ার উল্লেখ করেন, এই ঘটনার পর তিনি তাঁর এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা দল এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন। তিনি জানান, চরম মানসিক আঘাতের এই সময়ে তাঁর নিজ ইহুদি সম্প্রদায়ের কাছ থেকেই সবচেয়ে বেশি সমর্থন ও স্বস্তি পেয়েছেন।

বিতর্কের সূত্রপাত ঘটে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, যখন ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন আইনপ্রণেতা রশিদা তলাইব ও কোরি বুশের একটি অবস্থানের বিরোধিতা করে মন্তব্য করেন। ইসলাম ধর্মকে লক্ষ্য করে তাঁর কিছু বক্তব্য বিশ্বজুড়ে তীব্রভাবে নিন্দিত হয়। পরবর্তীতে ব্লেয়ার সেই মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, তিনি সাধারণ মুসলিম ও চরমপন্থীদের এক করে ফেলার ভুল করেছিলেন।

তবে সেই মন্তব্যের পর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, ব্লেয়ারের পেশাদারি জীবনে মারাত্মক আঘাত আসে। ২০২৬ সালের অক্টোবরে 'অ্যান্টি-ডিফামেশন লিগ' (এডিএল)-এর এক অনুষ্ঠানে তিনি জানান, ব্র্যান্ডগুলোর সাথে তাঁর চুক্তি এক দিনেই বাতিল হয়ে গিয়েছিল। একই সাথে, তাঁর আইনজীবী, বইয়ের প্রতিনিধি এবং পুরো পিআর দল তাঁকে ত্যাগ করে।

ওয়াশিংটনের সাম্প্রতিক সম্মেলনে সেলমা ব্লেয়ার আরও জানান, শৈশব থেকে তাঁর ইসরায়েলে চলে যাওয়ার একটি দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। তিনি প্রকাশ করেন, তাঁর প্রয়াত মায়ের ইচ্ছা পূরণ করতে তিনি মায়ের অবশিষ্টাংশ ইসরায়েলে নিয়ে সমাহিত করতে চান।

বর্তমানে, তিনি তাঁর ইহুদি পরিচয় নিয়ে গর্ববোধ করেন এবং 'হিনেনি' (যার হিব্রু অর্থ: ‘আমি এখানে আছি’) নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছেন। এই প্রামাণ্যচিত্রে ইহুদিবিদ্বেষ, ইসরায়েল এবং হিব্রু সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের বিপরীতমুখী মতামত স্থান পাবে বলে তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%