ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯


ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। এ তথ্য দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল হারলে কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন আসবে

কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়ছে। এতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের গোলা সৃষ্টি হয়। পরে ব্যস্ত সড়কের পাশে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মাটিতে গভীর গর্ত তৈরি হয়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আজকের উড়োজাহাজ দুর্ঘটনা একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’ তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন।

ডাফি আরও জানান, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।

আরও পড়ুন: আলিবাবায় যুক্ত হলো স্টেপের জুতা, আন্তর্জাতিক ক্রেতাদের জন্য নতুন সুযোগ

পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই এলাকা ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্র থেকে সাত মাইলেরও কম দূরে, অর্থাৎ প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত।

রোববার ট্রাম্প নিজেও মার-এ-লাগোতে অবস্থান করছিলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে এয়ার ফোর্স ওয়ানে আরোহণের পর তিনি কাছের বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দরটির নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’। ট্রাম্পের যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর লিয়ারজেট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার আগে ওই এলাকায় ঝড়ের খবর পাওয়া গিয়েছিল। এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্পকে ছাতা ব্যবহার করতেও দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংস্থাটি এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, বললো রাশিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জয়ী হলে নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন একটি ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে।

রোববার আদালত এ আবেদন খারিজ করে জানায়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতে মঙ্গলবারের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদন (সার্টিফিকেশন) স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।

তাদের যুক্তি ছিল, ড্যান সুলিভান নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এতে রিপাবলিকান সিনেটর সুলিভানের ভোট কমে যেতে পারে।

ট্রাম্প নিজেই এ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কার মধ্যে মামলাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, আলাস্কা তার অন্যতম।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, আলাস্কার ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ করে নিজেদের জন্য অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে তদন্তের নির্দেশ দিতে হবে। এর মাধ্যমে দ্বিতীয় ড্যান সুলিভানকে দেওয়া ভোটগুলোর মধ্যে কতজন প্রকৃতপক্ষে বর্তমান রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।

সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক শ্যারন গ্লিসন তার রায়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর ফলে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তবে মেরি পেলটোলা নির্বাচনে অংশ নেওয়া দ্বিতীয় ড্যান সুলিভানকে তিনি ইচ্ছাকৃতভাবে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন—এ অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতের রায়ের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কার ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনের ফল কারসাজি করার উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করা উচিত নয়।’

এদিকে আদালতের রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ভুয়া ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র’ উধাও হয়ে গেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির আইনজীবী ও কর্মীদের বিরুদ্ধে আইন অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের ‘অপরাধী’ বলেও আখ্যায়িত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুজিবনগর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


মুজিবনগর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুর, ২ নভেম্বর, ২০২৬ : মুজিবনগর সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২টি স্বর্ণের বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

আটককৃতদের মধ্যে একজন হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং অপরজন হলেন মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের পিলার- ১১০ এর প্রায় ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে এগিয়ে আসা দুই ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয় এবং ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে মিথ্যা অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে মিথ্যা অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ শনাক্ত করেছে যে, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিয়ে একটি পুরোনো ভিন্ন ঘটনা নতুন করে প্রচারিত হচ্ছে।

ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, এই পুরোনো ঘটনাটি এখন পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

সংস্থাটি এসব ভিডিওকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে বিজিবি সদস্যদের সঙ্গে সাধারণ অস্ত্রধারী কয়েকজনের কথোপকথনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, তারা পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মী।

ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওতে বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলার সময় সশস্ত্র ব্যক্তিরা আসলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য।

এই ভিডিওটি বান্দরবানের থানচি থেকে গত বছর ধারণ করা হয়েছিল।

দাবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেশ টিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়।

২০২৫ সালের ১৩ অক্টোবর চ্যানেলটিতে আপলোড করা ভিডিও থেকে জানা যায়, সশস্ত্র ব্যক্তিরা আরাকান আর্মির সদস্য। তাদের বাংলাদেশ সীমান্তে বিজিবি বাধা দেয়।

ভিডিওতে কথোপকথনরত বিজিবি সদস্যকে বলতে শোনা যায়, তারা আরাকান আর্মির সদস্যদের সঙ্গে কথা বলছেন।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভেরিফায়েড ফেসবুক সূত্রে ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়।

গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া পোস্ট থেকে জানা যায়, ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী থানচির বংকুপাড়া শূন্যরেখা এলাকায় সংঘটিত হয়। এটি ২০২৫ সালের ১ অক্টোবরের ঘটনা।

ওই সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপি-৭১-এর নিকটবর্তী স্থানে আরাকান আর্মির একটি দল শূন্যরেখা অতিক্রম করে। সেখানে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য সতর্ক করেন।

পরবর্তীতে বলপ্রয়োগের মাধ্যমে দলটিকে মিয়ানমারের অভ্যন্তরে যেতে বাধ্য করা হয়।

ফ্যাক্টওয়াচ জানায়, পুরোনো ভিন্ন একটি ঘটনা সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার সঙ্গে নতুন করে প্রচারিত হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। এই প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শ্রমিক আন্দোলনে নিহতের অপপ্রচার শনাক্ত, এআই দিয়ে ভিডিও ছড়িয়ে : বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ঢাকায় শ্রমিক আন্দোলনে নিহতের অপপ্রচার শনাক্ত, এআই দিয়ে ভিডিও ছড়িয়ে : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট শনাক্ত করেছে যে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিওর মাধ্যমে ঢাকায় শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে ২ জন শ্রমিক নিহত হওয়ার মিথ্যা প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, এআই দিয়ে তৈরি ভিডিওটি ছড়িয়ে ‘ঢাকাতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে ২ জন শ্রমিক নিহত’ হওয়ার দাবি করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকাতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে ২ জন শ্রমিক নিহত’ শিরোনামে একটি ভিডিও প্রচারিত হয়েছে।

যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে যে, এই দাবির সাথে সম্পর্কিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভুয়া এই ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%