ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, বললো রাশিয়া


ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, বললো রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মন্তব্য করেছেন যে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, "গত কয়েক মাসের তিক্ত অভিজ্ঞতা দেখিয়েছে, ইরানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের এ বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত।"

রাশিয়া বারবার উল্লেখ করে আসছে যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল হারলে কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন আসবে

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীরা যখন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে, তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি ইরানে হামলার বিষয়ে অব্যাহত রয়েছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে এখন সবার নজর।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: আলিবাবায় যুক্ত হলো স্টেপের জুতা, আন্তর্জাতিক ক্রেতাদের জন্য নতুন সুযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তপ্ত মহাসড়কে মায়ের বুকে এক টুকরা নীড়, ভাইরাল ছবিতে মুগ্ধ নেটিজেনরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


উত্তপ্ত মহাসড়কে মায়ের বুকে এক টুকরা নীড়, ভাইরাল ছবিতে মুগ্ধ নেটিজেনরা

‘তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাঁপ, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মুখ। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। আমি তোমার চোখের তারায় বাঁচি, মা।’ গাজীপুরের কালিয়াকৈরের একটি দৃশ্যে মাকে নিয়ে গানের এই কথাগুলো যেন নতুন অর্থ খুঁজে পেয়েছে।

একদিকে উত্তপ্ত মহাসড়ক, অন্যদিকে ইটপাটকেল নিক্ষেপ, সংঘাত এবং আতঙ্ক। এর মধ্যেই একটি মা নিজের ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। মায়ের কাঁধে স্কুলব্যাগ, কোলে সন্তান। সন্তানের মাথায় মমতার হাত রেখে যেন সব বিপদ থেকে তাকে আড়াল করার চেষ্টা করছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধারণ করা এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে গেছে। ছবিটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অসংখ্য মানুষ। শ্রমিক আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মায়ের এই ছুটে চলা যেন সব কোলাহলকে ছাপিয়ে মানুষের মনে নাড়া দিয়েছে।

গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। বিশেষ করে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও বিক্ষোভ, আবার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

এমন পরিস্থিতির মধ্যেই ওই নারী সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের এক পাশে শ্রমিকদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিল। চারপাশে যখন উত্তেজনা, তখন নিজের সন্তানকে আগলে রেখে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন মা।

ছবিতে দেখা যায়, শিশুটি মায়ের গলা জড়িয়ে ধরে আছে। আর মা এক হাতে সন্তানের মাথা আগলে রেখেছেন, অন্য হাতে শক্ত করে ধরে আছেন তাকে। মায়ের পরনে কমলা-লাল শাড়ি, পিঠে বেগুনি রঙের স্কুলব্যাগ। এই সাধারণ দৃশ্যের মধ্যেই যেন অসাধারণ এক ভালোবাসার গল্প লুকিয়ে আছে।

হয়ত ওই মুহূর্তে শিশুটির কাছে মায়ের কোল ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। আর মায়ের কাছে সন্তানের নিরাপত্তার চেয়ে বড় কোনো চিন্তা ছিল না। চারপাশে কী ঘটছে, কে কাকে ধাওয়া করছে, কোথায় ইটপাটকেল পড়ছে—এসবের চেয়েও তার কাছে বড় ছিল সন্তানকে নিয়ে নিরাপদে ঘরে ফেরা।

একজন মা সন্তানের জন্ম দেন এবং প্রতিটি মুহূর্তে তাকে আগলে রাখেন। নিজের ক্ষুধা, ক্লান্তি, কষ্ট কিংবা বিপদের কথা ভুলে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো শত প্রতিকূলতা পেরিয়ে সন্তানের জন্য নিরাপদ একটি পৃথিবী গড়ে তুলতে চান। কালিয়াকৈরের এই ছবিতে যেন সেই চিরচেনা মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

অবশ্য ছবিটি শুধু মায়ের ভালোবাসার গল্প বলছে না; এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে, যেকোনো আন্দোলন কিংবা সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠতে পারেন সাধারণ মানুষ। একজন শ্রমিক যেমন ন্যায্য মজুরির আশায় রাস্তায় নামেন, তেমনি সেই পথেই চলাচল করেন স্কুলফেরত শিশু, কর্মজীবী মানুষ এবং অসংখ্য যাত্রী।

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। একই সঙ্গে আন্দোলনের নামে সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি থেকেও সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ একটি শিশুর নিরাপত্তা, একজন মায়ের নিশ্চিন্তে ঘরে ফেরার অধিকার এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও সমান গুরুত্বপূর্ণ।

মহাসড়কের সেই মুহূর্তে মা হয়তো জানতেন না, তার এই ছুটে চলার দৃশ্য এক সময় হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি হয়তো আলোচনার বিষয় হতে চাননি। তার একমাত্র চাওয়া ছিল সন্তানকে নিয়ে নিরাপদে ঘরে ফেরা।

পৃথিবীর সব পথ যখন অনিরাপদ হয়ে ওঠে, তখন সন্তানের কাছে মায়ের বুকই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ ঠিকানা। আর মায়ের কাছে সন্তানের হাসিমুখের চেয়ে বড় কোনো অর্জন নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্রোকের পর ডেঙ্গুতে আক্রান্ত রাজধানীর আইসিইউতে সাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


স্ট্রোকের পর ডেঙ্গুতে আক্রান্ত রাজধানীর আইসিইউতে সাহেদ

শেখ সাহেদ আলী, যিনি একসময় আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে পরিচিত ছিলেন, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিডনির জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগে আসা এই শিল্পীর সম্প্রতি স্ট্রোক হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। শিল্পীর বন্ধু এবং কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।

এরশাদুল হক জানান, সাহেদকে গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি স্ট্রোক করেন। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। ফিসফিস করে কথা বলা ও ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন তিনি।

এদিকে, পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩১ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। পরে তাকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরশাদুল হক আরও জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরেও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। তার ডান হাত ও পা ফুলে গেছে। ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

শারীরিক অসুস্থতার কারণে সাহেদের দীর্ঘদিনের একটি সংগীত আয়োজনও থমকে গেছে। গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংরক্ষণের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল।

এ উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে শিল্পীর অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদুল হক।

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত এই শিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ২৯ দিন ছুটি থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ২৯ দিন ছুটি থাকবে

মন্ত্রিসভা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশের মাধ্যমে মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ২০২৭ সালের জন্য অনুমোদিত মোট ২৯ দিন ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

প্রতিবছরের মতো এবারও ধর্মীয় উৎসব, জাতীয় দিবস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে ‘জিন্নী মুমিনের’ নামে প্রতারণায় ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


মৌলভীবাজারে ‘জিন্নী মুমিনের’ নামে প্রতারণায় ৪ জন গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা এলাকায় ‘জিন্নী মুমিনের’ নামে অভিনব কৌশলে এক নারীর কাছ থেকে দুই দফায় ১১ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বড়লেখা উপজেলার আহমদপুর গ্রামের করবুল নেছা, হিনাইনগর গ্রামের তাজ উদ্দিন, জুড়ী উপজেলার আমতৈল গ্রামের বিজয় বৈদ্য এবং হরিরামপুর গ্রামের রিপন মিয়া।

সোমবার (২ নভেম্বর) বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমবার গত ৩ আগস্ট অজ্ঞাত পরিচয়ে এক নারী বড়লেখার হিনাইনগর গ্রামের রোকেয়া বেগমকে ফোন করে জানান, তার অসুস্থ ছেলেকে কথিত জিন্নী মুমিন দ্বারা সুস্থ করে দিতে পারবেন। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে এবং বিষয়টি কাউকে জানাতে পারবেন না। যদি কাউকে এ বিষয়টি জানান, তাহলে তার ছেলের ক্ষতি হবে বলেও ভয় দেখানো হয়।

ওসি আরও জানান, রোকিয়া বেগম ছেলের সুস্থতার জন্য তার কথায় বিশ্বাস করেন। ফলে বসতঘরের পেছনের ডিপ টিউবওয়েলের ম্যানহোলের ঢাকনার ওপর একটি পরিষ্কার বাটিতে স্বর্ণালংকার রেখে আসেন। দুই ঘণ্টা পর দেখতে পান স্বর্ণালংকারগুলো নেই। বিষয়টি জানতে অজ্ঞাত নারীকে ফোন দিলে তাকে জানানো হয়, জিন্নী মুমিন স্বর্ণালংকার নিয়ে গেছে। তবে এক মাসের মধ্যেই তার ছেলে সুস্থ হবে এবং স্বর্ণালংকারগুলো ফিরে পাবেন।

গত ১৬ অক্টোবর একই নারী পুনরায় ফোন করে আরও স্বর্ণালংকার একই স্থানে রাখতে জানায়। তবে তাদের ভয় দেখায় যে এবার যদি স্বর্ণালংকার না রাখেন, তাহলে তার ছেলে পাগল হয়ে যাবে। এ সময় আরও জানান, এক ঘণ্টার মধ্যে আগের স্বর্ণালংকারসহ সব ফেরত দেয়া হবে। রোকেয়া বেগম তার ছেলের ক্ষতির কথা ভেবে দ্বিতীয়বার আবারও একই স্থানে স্বর্ণালংকার রেখে আসেন। তবে আবারও দেখতে পান স্বর্ণালংকার নেই।

এভাবে দুই দফায় রোকেয়া বেগমের কাছ থেকে ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়। এর আনুমানিক বাজার দর ১১ লাখ ৭৪ হাজার ৭১২ টাকা।

এ ব্যাপারে রোকেয়া বেগম ১ নভেম্বর (রোববার) বড়লেখা থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সেইসঙ্গে তাদের কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি সিতাহার, দুই জোড়া ঝুমকা ও একটি আংটি।

পুলিশ বড়লেখা ও জুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%