০৪:৩১ পি.এম
মেহেরপুর, ২ নভেম্বর, ২০২৬ : মুজিবনগর সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২টি স্বর্ণের বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটককৃতদের মধ্যে একজন হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং অপরজন হলেন মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।
আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেলের সংঘর্ষে ২০ বছরের তরুণ নিহত, আহত ৩
গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের পিলার- ১১০ এর প্রায় ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে এগিয়ে আসা দুই ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয় এবং ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
আরও পড়ুন: বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন