ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!


পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!

বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের গান ‘আলফাজ’ নিয়ে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে তিনি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি শুরু হয়েছে ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, “ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।”

হামজা মালিক অ্যালান ওয়াকারের মন্তব্যের জবাব দেন। ইউটিউবে তিনি লেখেন, “ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।” এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।

আরও পড়ুন: পারশার স্বামী আসাদ নূর কিনা, নেটিজেনদের মধ্যে আলোচনা

এরপর বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে অ্যালান ওয়াকার জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি যে সর্বত্র শোনা যাচ্ছে। লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান বলেও জানান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন অ্যালান ওয়াকার।

সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর কি পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো সম্ভাবনা তৈরি করবে, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডের ক্রাকুউতে বন্দুক হামলা, নিহত ৫, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


পোল্যান্ডের ক্রাকুউতে বন্দুক হামলা, নিহত ৫, আহত ১০

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকুউয়ের (Krakow) কেন্দ্রস্থলে একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরের প্রধান বাজার চত্বরের নিকটবর্তী একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা পুলিশ অফিসারও অন্তর্ভুক্ত রয়েছেন।

ঘটনার পরপরই পোলিশ পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যমের সূত্রে আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই আকস্মিক ও মর্মান্তিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে আপডেট নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ এই হামলার পেছনের উদ্দেশ্য এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।”

কর্তৃপক্ষ হামলার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। জনবহুল এলাকায় এমন সশস্ত্র হামলায় গোটা পোল্যান্ড জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আল-জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

ইরান যুদ্ধের পরিস্থিতি এবং তীব্র বিমান হামলার মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার জন্য বড় ধরনের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, তারা অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের উদ্দেশ্যে একাধিক বিশাল ভূগর্ভস্থ বা মাটির নিচের স্থাপনা নির্মাণ করেছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শত্রু দেশের তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য দ্রুত সময়ের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ড্রেন ও মিসাইল তৈরির কারখানাগুলোকে ভূগর্ভে স্থানান্তরিত করা হয়েছে।

মোহেব্বি আরও জানান, এই গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কারণে শত্রুরা ইরানের অস্ত্রের মজুত বা পরিধি সম্পর্কে সঠিক ধারণা পেতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেছেন, এর মাধ্যমে যুদ্ধের যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখা সম্ভব হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক পদক্ষেপের মাঝে ইরানের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প, ছেলে-জামাইয়ের দুর্নীতির তদন্ত শুরু করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প, ছেলে-জামাইয়ের দুর্নীতির তদন্ত শুরু করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

মার্কিন রাজনীতিতে আবারও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন। ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের উপর আধিপত্য বিস্তার করার পর থেকেই ট্রাম্পের শিবিরের ওপর চাপের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।

বিশেষ করে, প্রেসিডেন্ট ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক লেনদেন এবং নীতি নির্ধারণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে তার পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জ্যারেড কুশনারসহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য বিরোধী শিবির জোরালো প্রস্তুতি নিচ্ছে।

ডেমোক্র্যাটদের দাবি, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে আসার ফলে এখন তাদের কাছে শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং যেকোনো সরকারি নীতির গভীরে গিয়ে তদন্ত চালানোর পূর্ণ ক্ষমতা রয়েছে।

বিরোধী দলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্য নীতির ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ আমেরিকানদের চড়া মূল্য দিতে হয়েছে। বিশেষ করে, জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং বারাক ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার পেছনে থাকা প্রভাব নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের হাতবদল ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনে বড় আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসবে। হোয়াইট হাউসের নীতি এবং ট্রাম্প পরিবারের আর্থিক লেনদেনের স্বচ্ছতার কাঠগড়ায় দাঁড় করাতে ডেমোক্র্যাটরা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়, তা স্পষ্ট। সূত্র: ডেইলি বিস্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে’: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


‘দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে’: হুইপ আখতারুজ্জামান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি উল্লেখ করেছেন, “বিশ্রাম নেওয়ার সময় এখনো আসেনি। দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। শুধু মিছিলের সামনে হাঁটলে কিংবা আমাকে সালাম দিলেই নেতা হওয়া যাবে না। দলের প্রতি আনুগত্য থাকতে হবে এবং প্রতিটি কর্মসূচিতে আন্তরিকতার সঙ্গে অংশ নিতে হবে।”

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দলের প্রিয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য যে কাজ করতে চান, তা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তাই দলের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক ও সচেতন থাকতে হবে। যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চান, তাদের কঠিন সময়েও দলের সঙ্গে থাকতে হবে এবং ত্যাগের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।

তিনি আরও বলেন, খানসামা-চিরিরবন্দরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি সংসদ সদস্য থেকে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন। এই সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব শুধু তাঁর একার নয়, দলের প্রত্যেক নেতাকর্মীর। জনগণের দেওয়া সম্মান ও আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি কিংবা ব্যক্তিগত স্বার্থে প্রভাব খাটানো যাবে না।

তিনি বলেন, “কোনো পক্ষ থেকে টাকা তোলার দায়িত্ব কেউ নেবেন না। জমিজমা বা অন্য কোনো বিরোধের ক্ষেত্রে উভয় পক্ষের কথা শুনবেন। কোনো পক্ষের হয়ে অন্যায়ভাবে অবস্থান নেবেন না। মানুষের ভালো কাজ করতে হবে এবং দলের সুনাম রক্ষা করতে হবে।”

এ সময় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রতি আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে উন্নয়ন সম্ভব। খানসামা-চিরিরবন্দর এলাকার অসমাপ্ত উন্নয়নকাজগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দলের সঙ্গে থেকে নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম বুলবুল।

সভায় সভাপতিত্ব করেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাফিকুল আলম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%