০৫:৫২ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে।
তিনি উল্লেখ করেছেন, ইতিমধ্যে কিছু মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পটি শেষ হলে, দেশের সব মসজিদে এ ভাতা পৌঁছে দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। পরে তিনি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়ার কর্মসূচি চালু করেছেন। ইতিমধ্যে কিছু মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে, দেশের সব মসজিদের তালিকা করে ভাতা প্রদান করা হবে।
বক্তব্যের সময় বিগত সরকারের সমালোচনা করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে ওয়াজ মাহফিল করার অনুমতি দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় একটি দল বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করেছে। এ ধরনের প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ওপর জুলুম করতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা না করার আহ্বান জানান।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ নিয়মনীতি মেনেই করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন