০৮:২২ পি.এম
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ নিয়ে অতিথিকে বরণ করার দৃশ্য ছিল অত্যন্ত আকর্ষণীয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। র্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন মির্জা ফয়সল আমিন। তিনি জানান, এ অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র্যালি ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন