০৮:৪০ পি.এম
পুলিশ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা থেকে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করা হয়। সম্প্রতি তিনি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।
প্রথমে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। যা কার্ডের অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড এবং তিনটি চেক বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন