১১:৫৭ এম
বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থাপনাটির ক্ষতি সাধিত হলেও, হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খবর আল জাজিরার
শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া একাধিক আকাশপথের হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা প্রতিহত করা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কেউ হতাহত হননি। দেশটির জরুরি উদ্ধার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আরও পড়ুন: ইরানে হামলা হলে বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে: নেতানিয়াহুকে ইসরায়েলি সেনার হুঁশিয়ারি
তবে হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম ও অবস্থান সম্পর্কে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে, দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানায়। তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে। তারা দাবি করেছে, এই হামলায় ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান ব্রাজিলের
আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী ওই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।
এর আগে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
ইরানের দাবি, দেশটির হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এই অভিযান পরিচালিত হয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত
এদিকে, বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে সংস্থাটি জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।
তবে এই দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন