০৫:৫৫ পি.এম
নাটোরের লালপুরে গভীর রাতে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল বা উপরিভাগের উর্বর মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময় মাটি পরিবহনের জন্য ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠে বিএমবি ইটভাটার উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই গৌতম কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরজ আলীর কেটে নেওয়া জমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
আটককৃতদের মধ্যে রয়েছেন—পাবনার সুজানগর উপজেলার কুমিরাগাড়ি দহেরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আছিব হোসেন (২২), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের মো. আজিজুল মণ্ডলের ছেলে মো. সজীব আহমেদ (২২) এবং একই উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. সোহানুর রহমান সোহান (২১)।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া কৃষিজমির উর্বরতা ও উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর। অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক, দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন