০৭:১৭ পি.এম
রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ এবং প্রবাহহীনতা দূরীকরণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল এবং ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
স্বাগত বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সভাটি সঞ্চালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি এবং কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকৌশলী মো. হাফিজুল হক।
মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ মন্তব্য করেন, "দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
প্রধান অতিথি আবু জাফর নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় এবং গৃহীত পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ড. সরফরাজ বান্দা নদীর স্বাভাবিক প্রবাহ এবং পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে পরিকল্পিত কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৌশলী মো. আহসান হাবিব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেন।
প্রকৌশলী মো. হাফিজুল হক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম নদী সংরক্ষণকে পরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এলজিইডির প্রকৌশলী তরুণ কুমার সরকার নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, "নদী রক্ষা শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়; এটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। নদী দুটিকে রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
সভায় উত্থাপিত তথ্য অনুযায়ী, শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে ১৪ কোটি এবং আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা জানতে চান, এই প্রকল্পের আওতায় কী কী কাজ করা হবে, কতটুকু নদী ও খাল খনন বা পুনরুদ্ধার করা হবে এবং বাস্তবায়নের সময়সীমা কত হবে।
আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে
একই সঙ্গে খালের অবৈধ দখল উচ্ছেদ, প্রকৃত সীমানা নির্ধারণ এবং পুনরায় দখল প্রতিরোধে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশনের ভূমিকা কী হবে, সে প্রশ্ন তোলা হয়। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য এবং নর্দমার পানি খালে প্রবেশ বন্ধে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হয়।
আলাইকুড়ি নদীর ক্ষেত্রে অবৈধ দখল ও ভরাট চিহ্নিত করতে জরিপ পরিচালনা, দখলমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতকরণ এবং নদীর মাছ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান নাগরিক প্রতিনিধিরা।
এছাড়া দুটি প্রকল্পের মোট ৪৪ কোটি টাকার খাতভিত্তিক ব্যয়, দরপত্র প্রক্রিয়া ও কাজের অগ্রগতির তথ্য জনসমক্ষে প্রকাশ এবং কাজের মান নিশ্চিত করতে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। প্রকল্প শেষ হওয়ার পর নিয়মিত রক্ষণাবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং দখল প্রতিরোধের দায়িত্ব কোন প্রতিষ্ঠান পালন করবে, সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।
সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নাগরিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে।
আরও পড়ুন: যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক
বক্তারা বলেন, প্রকল্প গ্রহণ ও খননের মধ্যে নদী পুনরুদ্ধারের কার্যক্রম সীমাবদ্ধ রাখা চলবে না। দখল ও দূষণমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উন্মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী, গণমাধ্যমকর্মী ও সংগঠক মেরিনা লাভলী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফারুক, নারী অধিকারকর্মী সমসে আরা বিলকিস এবং মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আফরোজা শারমিন কনাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন