প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির মন্তব্য করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ভারতে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো বৈধ পথ নেই। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার একটি বড় অংশই গুজব।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে এসব কথা বলেন শিশির মনির।
শিশির মনির জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান। এই চুক্তির আওতায় দুই দেশ একমত হয়েছে যে, যদি কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় কিংবা অপরাধ করে এ দেশে এসে উপস্থিত হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটি বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিধান।
তিনি আরও বলেন, অনেকের ধারণা যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে, তা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে শিশির মনির জানান, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।
তিনি আরও জানান, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় এই নির্ধারিত স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিন্স’ বলা হয়। নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।
শিশির মনিরের বক্তব্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বড় অংশ গুজব এবং আরেকটি বড় অংশ আইন সম্পর্কে অজ্ঞতা থেকে উদ্ভূত এলোমেলো মন্তব্য। যারা এসব মন্তব্য করছেন, তারা সঠিক করছেন না।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন