প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসায় গত চার-পাঁচ বছর ধরে নিয়মিত শিক্ষা কার্যক্রম বা শিক্ষার্থীর উপস্থিতি নেই। শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ার কারণে অন্য পেশায় চলে গেছেন। তবে এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও, অভিযোগ উঠেছে যে, দিনে নারী ও শিশুদের ‘ঝাড়ফুঁক’ চিকিৎসা এবং রাতে তরুণ-যুবকদের হাঁস-মুরগি ও ছাগলের মাংস দিয়ে পিকনিকের আসর বসানো হচ্ছে।
এ পরিস্থিতিতে শান্তিপ্রিয় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মাদরাসার প্রায় ২০ শতক জমি ও দুটি ঘর দখলে নিতে একটি প্রভাবশালী মহল ইউসুফ হোসেন নামের এক যুবককে ঢাল হিসেবে ব্যবহার করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানবেষ্টিত দুটি টিনের ঘরের সামনে জরাজীর্ণ কক্ষে ২০-২২ জন শিশুকে পড়াচ্ছেন মর্জিনা খাতুন নামে এক নারী। তিনি জানান, তিনি ওই মাদরাসার কেউ নন; বরং ইসলামিক ফাউন্ডেশনের শিশুশিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের পাঠদান করছেন, কারণ তার নিজস্ব জায়গা নেই।
অন্যদিকে, ভেতরের পরিপাটি টিনের ঘরটিতে রান্নাবান্নার জন্য বিশাল সব হাঁড়ি-পাতিল ও সরঞ্জামের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে কুষ্টিয়ার খোকসা উপজেলার সমেশপুর এলাকার যুবক ইউসুফ হোসেন বসবাস করছেন। ইউসুফ নিজেকে মাদরাসার ‘ক্বারিয়ানা বিভাগের খণ্ডকালীন শিক্ষক’ দাবি করে জানান, চাকরি না থাকায় তিনি এখানে থাকেন এবং মানুষের রোগবালাইয়ের তদবির করেন। নারীদের অবাধ যাতায়াতের অভিযোগ অস্বীকার করলেও, তিনি স্বীকার করেন যে, প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার কিছু তরুণ-যুবক চাঁদা তুলে হাঁস-মুরগি বা ছাগল এনে রান্নাবান্না ও আনন্দ করছেন।
স্থানীয় ফারুক ও শহিদুল ইসলাম খোকনসহ কয়েকজন দাবি করেন, ভবিষ্যতে সরকারি অনুদান পাওয়ার আশায় তারা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
মাদরাসাটির কথিত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, "বেতন না পাওয়ায় চার-পাঁচজন শিক্ষকের কেউই এখন আর আসেন না, ফলে প্রতিষ্ঠানটি বন্ধ। আমি মাঝেমধ্যে এসে খোঁজখবর নিই।" তবে দীর্ঘ বছর প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও প্রতিবছর শিক্ষার্থীদের বিপরীতে সরকারি বই উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি অন্য শিক্ষকদের সাথে কথা বলে জানাবেন বলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতান আলী জানান, শিক্ষাবর্ষের শুরুতে আবেদন করায় ওই মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা দেখভাল করার কোনো দায়দায়িত্ব তাদের অফিসের নেই বলে তিনি দাবি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন