ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে গণশুনানিতে ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা


বরিশালে গণশুনানিতে ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা

বরিশাল, ২৫ নভেম্বর ২০২৬ : অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানির আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ জন বিপদগ্রস্ত ব্যক্তি তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। বাকি ১২ জনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসক আবেদনগুলো বিবেচনায় নিয়ে প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক কয়েকজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশ দেন। তিনি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেন।

মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশির মনির: বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার ফেরার বৈধ পথ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


শিশির মনির: বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার ফেরার বৈধ পথ নেই

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির মন্তব্য করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ভারতে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো বৈধ পথ নেই। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার একটি বড় অংশই গুজব।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে এসব কথা বলেন শিশির মনির।

শিশির মনির জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান। এই চুক্তির আওতায় দুই দেশ একমত হয়েছে যে, যদি কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় কিংবা অপরাধ করে এ দেশে এসে উপস্থিত হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটি বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিধান।

তিনি আরও বলেন, অনেকের ধারণা যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে, তা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে শিশির মনির জানান, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।

তিনি আরও জানান, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় এই নির্ধারিত স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিন্স’ বলা হয়। নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিশির মনিরের বক্তব্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বড় অংশ গুজব এবং আরেকটি বড় অংশ আইন সম্পর্কে অজ্ঞতা থেকে উদ্ভূত এলোমেলো মন্তব্য। যারা এসব মন্তব্য করছেন, তারা সঠিক করছেন না।

মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে অবৈধ অস্ত্র ও গ্রেনেডের প্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


রাজশাহী সীমান্তে অবৈধ অস্ত্র ও গ্রেনেডের প্রবাহ

দেশের উত্তরের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গুলি প্রবাহিত হচ্ছে। রাজশাহী অঞ্চলে গত এক সপ্তাহে তিনটি অভিযানে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়া যায়। তদন্তকারী সংস্থাগুলোর ধারণা, গ্রেনেডগুলো মিয়ানমারের তৈরি। তবে দুই সপ্তাহ পার হলেও এর সঙ্গে কারা জড়িত, তা জানা যায়নি। এদিকে সীমান্ত পেরিয়ে এভাবে অস্ত্র ঢোকায় উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

গেল ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইলে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকিকে আটক করে, তাদের কাছে দুটি পিস্তল ও গুলি ছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলো স্টেইনলেস স্টিলের তৈরি সেমি-অটোমেটিক পিস্তল, যার গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইউএসএ’।

রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, ‘প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি, বহনকারীরা এই অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দিতে চেয়েছিল। খুলনায় কার কাছে দেবে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতার ব্যক্তিরা জানান, তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ঠিকানা বা ব্যক্তির নাম বলা হয়নি। তারা খুলনায় পৌঁছালে তখন তাদের বলা হতো কাকে দিতে হবে।’

পুলিশ সুপার আরও জানান, অস্ত্র দুটি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এগুলো সন্ত্রাস ও অন্যান্য বেআইনি কার্যক্রমে ব্যবহারের জন্য আনা হয়েছিল।

এর আগে, ১৬ নভেম্বর সিটি হাট বাইপাসে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে এসআরবি। ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পর বাড়ি থেকে উদ্ধার হয় একই ধরনের আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি।

এসআরবির তথ্যমতে, গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে তৈরি লেখা ৯টি পিস্তল উদ্ধার হয়েছে। সংস্থাটি বলছে, প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে অস্ত্র কারবারিরা এগুলো আনছে। অনেক ক্ষেত্রে ভারত সীমান্ত এলাকায় তৈরি পিস্তলেও ক্রেতা টানতে ‘মেড ইন ইউএসএ’ লেখা হয়।

রাজশাহী এসআরবি-৫ এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘মেড ইন ইউএসএ মানেই যে এটা যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে, তেমন নয়। আমাদের পাশের দেশ চেয়েও এটা ক্রয় করার সুযোগ আছে। ব্যালিস্টিক ইনকোয়ারি যখন হবে, তখন বোঝা যাবে আসলে এটা ব্যবহার হয়েছে কি না।’

এসআরবি অধিনায়ক আরও বলেন, ‘এটা সবার জন্য কনসার্নের বিষয়। সামাজিক প্রেক্ষাপটে অবৈধ অস্ত্রটাই আসলে কনসার্নের বিষয়। এটা মেড ইন ইউএসএ হোক অথবা অন্য যেকোনো দেশ থেকে আনা হোক, সেটা বন্ধ করাটা আমাদের লক্ষ্য।’

এদিকে, ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়া যায়। ফাঁকা মাঠে নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে পুলিশ ও এসআরবি। এ ঘটনায় মামলা হলেও দুই সপ্তাহে কেউ গ্রেফতার হয়নি। গ্রেনেডের গায়ে উৎপাদনকারী ও ব্যাচের তথ্য মুছে যাওয়ায় এর উৎস নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্তকারীদের ধারণা, এগুলো ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, যা ফাটলে চারদিকে ধাতব টুকরো ছড়ায়। এতে চীনা ফিউজ লাগানো ছিল। তাদের ধারণা, গ্রেনেডগুলো এসেছে মিয়ানমার থেকে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘যেহেতু কাউকে গ্রেফতার করতে পারিনি, সে কারণে আমরা এটি নিয়ে কোনো তথ্য মিডিয়ায় দিচ্ছি না।’

রাজশাহী এসআরবি-৫ এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘এরকম গ্রেনেড আমরাও আগে দেখিনি। তবে সম্প্রতি কক্সবাজারেও এরকম পাওয়া গেছে। পাশের একটি দেশে যারা গ্রেনেড ব্যবহার করে, তাদের সঙ্গে এটার অনেকটা মিল আছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় যেই অপরাধী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া আমাদের মুখ্য উদ্দেশ্য।’

গত ছয় মাসে এসআরবি উদ্ধার করেছে ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গান পাউডার। জেলা পুলিশ উদ্ধার করেছে ৬টি বিদেশি পিস্তল ও গুলি। অন্যদিকে ৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করলেও অস্ত্র চোরাচালান নিয়ে বিজিবি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। সংস্থাটি জানিয়েছে, তারা টহল জোরদার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ

রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম) একটি অ্যাপ মুঠোফোনে ইনস্টল করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে তিনি ওই অ্যাপ ইনস্টল করার কিছু সময় পর তার মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা।

তিনি মনে করেছিলেন, হয়তো কেউ ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই বিষয়টি নিয়ে তিনি আর অনুসন্ধান করেননি।

পাঁচ দিন পরে, হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ২ হাজার ৫০০ টাকার কথা। আরও জানানো হয়, জবা অ্যাপ থেকে ঋণ নিয়েছেন। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ টাকা হয়ে গেছে।

জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তার ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাকে ও তার মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তার ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য একটি চক্র সংগ্রহ করেছে।

চলতি বছরের এপ্রিলে, জবা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েক সদস্য গ্রেপ্তার হন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটির সদস্যরা বিভিন্ন কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করেন। পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তারা অন্যান্য সাইবার অপরাধেও জড়িত।

জবার ঘটনা বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করা হচ্ছে। কখনও ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হচ্ছে। পাশাপাশি চলছে অনলাইন আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং।

সাইবার অপরাধীদের লক্ষ্য এখন মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়। এসব ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করা হচ্ছে। কেউ অর্থ দিতে বাধ্য হচ্ছেন, কেউ পড়ছেন সামাজিক ও পারিবারিক সংকটে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত।

ঋণ থেকে চাকরি, নানা প্রলোভনে অনলাইন প্রতারণা

‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়।

পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি এমএফএস সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় জিডি করেন।

ভার্চ্যুয়াল মাধ্যমে এ ধরনের প্রতারণা ঘটছে নিয়মিত। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার এসব প্রতারণার অভিযোগ কয়েকটি শ্রেণিতে ভাগ করে গ্রহণ করেছে। এর মধ্যে ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ৫৬টি। মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি। সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ আছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশংকায় অভিযোগ করতে চান না। আবার লিখিত অভিযোগ বা জিডি করলেও সবাই মামলা করতে আগ্রহী হন না।

কম ক্ষয়ক্ষতি হওয়া অপরাধের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, অনলাইনে আর্থিক লেনদেনের আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে। অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত প্রমাণসহ পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপি কমিশনারের সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সিএমপি কমিশনারের সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সিএমপির সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি নগরীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন কমিশনার। তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সভা শেষে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন সিএমপি কমিশনার।

এছাড়া দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, নেছার উদ্দিন আহম্মেদ, অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%