ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী


শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

নিম্নতম মজুরি বোর্ড নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য। এতে সর্বনিম্ন গ্রেডের জন্য ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের জন্য ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই মজুরি কাঠামো আগের তুলনায় বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারেও বেশি।

বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো সুপারিশ করা হয়। প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ফলে আগের বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবারের সুপারিশকৃত হার বেশি।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

নতুন মজুরি কাঠামো সুপারিশ করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, "শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।" বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন। তবে দুপুরের পর শ্রমিকরা বেশ কিছু কারখানার প্রধান ফটকে ভাঙচুর শুরু করে। এর ফলে, কর্তৃপক্ষ অনেক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

বুধবার (২৫নভেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, মজুরি বোর্ডের প্রস্তাব পাস হওয়ার পরও শ্রমিকরা বিভিন্ন অজুহাতে কারখানার কাজ বন্ধ করে দেয়। ওই দিন দুপুরের পর, বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায়। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এই ঘটনার পর, মহাসড়কসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির ১৮ প্লাটুন সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনার পর থেকে অনেক শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : বৈভব সূর্যবংশী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতের কিশোর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী যুবরাজ সিংকে তাঁর আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। জানা গেছে, সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার অনুপ্রেরণামূলক আলোচনা সূর্যবংশীকে ৫৩ বলে রেকর্ডগড়া ২০৪ রানের ইনিংস খেলার জন্য সহায়তা করেছে।

মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-দলের সাত উইকেটের জয়ে, ১৫ বছর বয়সী এই ব্যাটার মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন। ইনিংসে তিনি ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন।

সূর্যবংশী মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডের চেয়ে তিনি এক বল কম খেলেছেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে তিনি ৫২ বল ব্যয় করেন, যা চ্যাড বোয়েসের ১০৩ বলের আগের রেকর্ডকে সহজেই ভেঙে দেয়।

নতুন রেকর্ডের ইনিংস শেষে সূর্যবংশী জানান, টানা দুটি হতাশাজনক পারফরম্যান্সের পর সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজের পরামর্শ তাঁর ব্যাটিংয়ের কারিগরি ত্রুটি শুধরে নিতে সহায়তা করেছে।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, “আমার আদর্শ যুবি স্যারের (যুবরাজ সিং) সঙ্গে কথা বলেছিলাম এবং মনোযোগ দিয়ে তাঁর কথা শুনেছিলাম।

“তিনি আমাকে একের পর এক অনেক কিছু বুঝিয়ে বলেছেন। পরে নিজের ভিডিও দেখার সময় বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম।

“সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি এবং তাঁর পরামর্শ অনুসরণ করেছি। এতে আমি অনেক উপকৃত হয়েছি।”

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ‘এ’ মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য অতিক্রম করে। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুললেও, সূর্যবংশী সব সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী আমি নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলার ওপর আমার এতটাই নিয়ন্ত্রণ রয়েছে।”

আগের দুটি ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বুঝতে পেরেছিলেন, উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুকূলে।

তিনি আরও বলেন, “আজও আমার মানসিকতা একই ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। আমি যদি আক্রমণাত্মক শট খেলি, তাহলে বল ব্যাটে ভালোভাবে আসবে। তাই নিজের শক্তির ওপর আস্থা রেখেছি।”

ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন। তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন।

এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সূর্যবংশী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতির নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো ও ফিলিপ দিয়ালোকে পরাজিত করতে পারলে চার বছরের জন্য দায়িত্ব শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

তাশিমা ফিফার ‘সততা’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। নির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর নাম রয়েছে বর্তমান সভাপতি ইনফান্তিনো ও ফরাসি ফুটবল প্রধান দিয়ালোর সঙ্গে।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাতিল করার কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য তাঁর এখনও যথেষ্ট সমর্থন রয়েছে।

জয়ের সম্ভাবনা কম বলে স্বীকার করলেও, নির্বাচিত হলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি বর্তমানে একটি নির্বাচনী ইশতেহার তৈরি করছি। তবে মূলত চার বছরের এক মেয়াদ দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে আমার।

“এই চার বছরে ফিফার পরিচালনব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিতে চাই। আমার বিশ্বাস, ফিফার অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করতে হবে।”

গত সপ্তাহে তাশিমা বলেছিলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে দিয়ালোকে সরাসরি লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।

দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। বর্তমান সভাপতিকে পরাজিত করার সম্ভাবনাও তাঁর বেশি বলে মনে করা হচ্ছে।

তাশিমা জানিয়েছেন, দিয়ালোর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং ইউরোপে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।

তাশিমা বলেন, “আমরা দুজনই একই দিকে এগোচ্ছি। তবে সামনে এগোতে গিয়ে যোগাযোগ অব্যাহত রাখলে দেখা যেতে পারে, আমাদের লক্ষ্য সত্যিই এক, অথবা কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।

“মূল লক্ষ্য হলো ফিফাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সেটি অর্জনের জন্য আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%