প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল, ২৫ নভেম্বর ২০২৬ : অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানির আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ জন বিপদগ্রস্ত ব্যক্তি তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।
গণশুনানিতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। বাকি ১২ জনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসক আবেদনগুলো বিবেচনায় নিয়ে প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক কয়েকজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশ দেন। তিনি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেন।
মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন