০৫:৫৮ পি.এম
দেশের উত্তরের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গুলি প্রবাহিত হচ্ছে। রাজশাহী অঞ্চলে গত এক সপ্তাহে তিনটি অভিযানে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়া যায়। তদন্তকারী সংস্থাগুলোর ধারণা, গ্রেনেডগুলো মিয়ানমারের তৈরি। তবে দুই সপ্তাহ পার হলেও এর সঙ্গে কারা জড়িত, তা জানা যায়নি। এদিকে সীমান্ত পেরিয়ে এভাবে অস্ত্র ঢোকায় উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
গেল ২০ নভেম্বর রাতে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সরাইলে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশ চাঁপাইনবাবগঞ্জের শাহীন ও পিংকিকে আটক করে, তাদের কাছে দুটি পিস্তল ও গুলি ছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলো স্টেইনলেস স্টিলের তৈরি সেমি-অটোমেটিক পিস্তল, যার গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইউএসএ’।
রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, ‘প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি, বহনকারীরা এই অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দিতে চেয়েছিল। খুলনায় কার কাছে দেবে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতার ব্যক্তিরা জানান, তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ঠিকানা বা ব্যক্তির নাম বলা হয়নি। তারা খুলনায় পৌঁছালে তখন তাদের বলা হতো কাকে দিতে হবে।’
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
পুলিশ সুপার আরও জানান, অস্ত্র দুটি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এগুলো সন্ত্রাস ও অন্যান্য বেআইনি কার্যক্রমে ব্যবহারের জন্য আনা হয়েছিল।
এর আগে, ১৬ নভেম্বর সিটি হাট বাইপাসে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে এসআরবি। ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পর বাড়ি থেকে উদ্ধার হয় একই ধরনের আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি।
এসআরবির তথ্যমতে, গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে তৈরি লেখা ৯টি পিস্তল উদ্ধার হয়েছে। সংস্থাটি বলছে, প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে অস্ত্র কারবারিরা এগুলো আনছে। অনেক ক্ষেত্রে ভারত সীমান্ত এলাকায় তৈরি পিস্তলেও ক্রেতা টানতে ‘মেড ইন ইউএসএ’ লেখা হয়।
রাজশাহী এসআরবি-৫ এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘মেড ইন ইউএসএ মানেই যে এটা যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে, তেমন নয়। আমাদের পাশের দেশ চেয়েও এটা ক্রয় করার সুযোগ আছে। ব্যালিস্টিক ইনকোয়ারি যখন হবে, তখন বোঝা যাবে আসলে এটা ব্যবহার হয়েছে কি না।’
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
এসআরবি অধিনায়ক আরও বলেন, ‘এটা সবার জন্য কনসার্নের বিষয়। সামাজিক প্রেক্ষাপটে অবৈধ অস্ত্রটাই আসলে কনসার্নের বিষয়। এটা মেড ইন ইউএসএ হোক অথবা অন্য যেকোনো দেশ থেকে আনা হোক, সেটা বন্ধ করাটা আমাদের লক্ষ্য।’
এদিকে, ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের কাছে দুটি গ্রেনেড পাওয়া যায়। ফাঁকা মাঠে নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে পুলিশ ও এসআরবি। এ ঘটনায় মামলা হলেও দুই সপ্তাহে কেউ গ্রেফতার হয়নি। গ্রেনেডের গায়ে উৎপাদনকারী ও ব্যাচের তথ্য মুছে যাওয়ায় এর উৎস নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্তকারীদের ধারণা, এগুলো ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, যা ফাটলে চারদিকে ধাতব টুকরো ছড়ায়। এতে চীনা ফিউজ লাগানো ছিল। তাদের ধারণা, গ্রেনেডগুলো এসেছে মিয়ানমার থেকে।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘যেহেতু কাউকে গ্রেফতার করতে পারিনি, সে কারণে আমরা এটি নিয়ে কোনো তথ্য মিডিয়ায় দিচ্ছি না।’
রাজশাহী এসআরবি-৫ এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘এরকম গ্রেনেড আমরাও আগে দেখিনি। তবে সম্প্রতি কক্সবাজারেও এরকম পাওয়া গেছে। পাশের একটি দেশে যারা গ্রেনেড ব্যবহার করে, তাদের সঙ্গে এটার অনেকটা মিল আছে।’
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় যেই অপরাধী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া আমাদের মুখ্য উদ্দেশ্য।’
গত ছয় মাসে এসআরবি উদ্ধার করেছে ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গান পাউডার। জেলা পুলিশ উদ্ধার করেছে ৬টি বিদেশি পিস্তল ও গুলি। অন্যদিকে ৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করলেও অস্ত্র চোরাচালান নিয়ে বিজিবি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। সংস্থাটি জানিয়েছে, তারা টহল জোরদার করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন