০৫:৩৬ পি.এম
তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অক্টোবর মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাসজুড়ে দেশের বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ১ কোটি ১২ লাখ টাকার বেশি প্রতারণার অর্থ, ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ চার শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার প্রদত্ত তথ্যপ্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বিভিন্ন ইউনিট এসব সাফল্য অর্জন করেছে। এ সময় চারটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার ঘটনায় ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের অভিযানে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয়টি ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭টি ইয়াবা বড়ি, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট ও মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়টি মামলা দায়ের করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৪১৫টি মামলা দায়ের করে ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এসব কার্যক্রমে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অক্টোবর মাসে বিভিন্ন অভিযানে ৩২ জন ওয়ারেন্টভুক্ত এবং সাতজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচারের একটি মামলায় তিনজন, তিনটি হত্যা মামলায় তিনজন এবং বিভিন্ন অপরাধে সন্দেহভাজন আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় এফডিএমএন সদস্য সাতজনকে আটক করা হয়েছে।
চোরাচালানবিরোধী অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় ১৩টি মামলা দায়ের করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
এছাড়া ৭৬০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি প্রসাধনী, দুটি এয়ারবার্ডস, নয়টি ঘড়ি, ৬৩টি শাড়ি ও থ্রি-পিস, ২১৩ কেজি খাদ্যদ্রব্য, ৪১৫ কেজি কাপড়ের ফেব্রিক্স, দুই কেজি ওষুধ, এক কেজি ইমিটেশন গয়না, ১৭টি পানির কল, দুটি সোলার প্যানেল, ১১টি বৈদ্যুতিক ব্যাটারি এবং সাতটি অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি হারানো ব্যাগেজও। এ সময় ১ লাখ ১২ হাজার ৩৩০ টাকা এবং ৩০ কুয়েতি দিনারও জব্দ করা হয়েছে।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চারটি নিখোঁজ শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে এপিবিএন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এলাকা থেকে ৬০ হাজার ৬৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এপিবিএনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ৮, ১৪ ও ১৬ তারিখে এপিবিএনের মাধ্যমে মোট ২৮টি জিআর ও সিআর মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
এপিবিএন জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় আব্দুল কুদ্দুস ও জুয়েল খানের কারাদণ্ড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন