প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের দুই বন্ধু কামাল খলিফা ও আতিক মাঝি ইউরোপে ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ত্যাগ করেছিলেন। কিন্তু তাদের এই স্বপ্ন এখন পরিবারের কাছে একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, তারা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় বন্দি রয়েছেন। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। পরিবারের কাছে পাঠানো নির্যাতনের ভিডিওতে মুক্তিপণের দাবি করা হয়েছে একাধিকবার। সন্তানদের জীবন রক্ষায় ইতোমধ্যে জমিজমা ও অন্যান্য সম্পদ বিক্রি করে দুই পরিবার প্রায় ৪০ লাখ টাকা দিয়েছেন। তবুও তাদের মুক্তি মেলেনি।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার আকাশ সরদারের প্রলোভনে পড়ে কামাল ও আতিক প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নির্যাতন ও মুক্তিপণের জন্য চাপ। পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। এক পর্যায়ে তারা নিজেদের রক্ষার চেষ্টা করছেন।
নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার কামাল খলিফা কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। চার বছর আগে তার বাবা বাচ্চু খলিফা মারা যান। সংসারের নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন ছিল তার। কিন্তু ছেলের এমন দুরবস্থার খবর ও নির্যাতনের ভিডিও দেখে মা কামরুন নাহার ভেঙে পড়েছেন।
ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানিয়ে মা বলেন, "ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাচ্ছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।"
অন্যদিকে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন। বাড়িতে তার বৃদ্ধ মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও মাত্র এক বছরের শিশুসন্তান মূসা রয়েছেন। তার বড় ভাইও বাকপ্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় তাদের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে।
আতিকের মা আমেনা খাতুন বলেন, "আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"
আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, "আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।"
দুই বন্ধুর এমন পরিণতিতে উদ্বিগ্ন তাদের স্বজন ও প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দা জিহান রাব্বানী জাকির বলেন, "দুই পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরও তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। নির্যাতনের ভিডিও দেখে আমরা সবাই আতঙ্কিত। দ্রুত দুই যুবককে জীবিত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, "মানবপাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
এদিকে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জেলা পুলিশ।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া জামান বলেন, "এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানব পাচার আইনে মোট দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব। মানবপাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন