প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাসিমাখা মুখ, প্রাণবন্ত উপস্থিতি এবং সাবলীল কথাবার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে যার উপস্থিতি মানেই ছিল আনন্দ এবং বিনোদন। অল্প সময়ের মধ্যে নিজের কাজের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
আজ তার জন্মদিন। তবে জন্মদিনের এই বিশেষ দিনে নেই কোনো উদ্যাপন, আছে কেবল স্মৃতি এবং হারানোর বেদনা। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের কথা বলা হচ্ছে।
১৯৯৩ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন কারিনা কায়সার। বেঁচে থাকলে আজ ৩৩ বছরে পা দিতেন তিনি। প্রিয় মানুষটির জন্মদিনে হয়তো শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে উঠত সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তিনি নেই। রয়ে গেছে তার হাসিমাখা মুখ, কাজ এবং অসংখ্য স্মৃতি।
ক্রীড়াঙ্গনের পরিচিত পরিবারে জন্মগ্রহণ করেন কারিনা। তার বাবা বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। মা লোপা কায়সার এবং দাদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদ। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের সৃজনশীলতা এবং মেধা দিয়েই তিনি তৈরি করেছিলেন স্বতন্ত্র অবস্থান।
২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ এবং হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে আলোচনায় আসেন কারিনা। অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনয় এবং চিত্রনাট্য লেখায় যুক্ত হন। ২০২৩ সালে ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।
এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। কাজটির জন্য ২০২৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত বিভাগে মনোনয়নও পান তিনি।
কিন্তু ক্যারিয়ারের সম্ভাবনাময় সময়ে হঠাৎই থেমে যায় তার পথচলা। ২০২৬ সালের ১৬ মে হেপাটাইটিস এ ও ই এবং যকৃৎজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। যে বয়সে আরও নতুন কাজ, নতুন গল্প এবং সাফল্যে নিজেকে মেলে ধরার কথা ছিল, সেই বয়সেই বিদায় নিতে হয় তাকে।
আজ তার জন্মবার্ষিকী দিনটি ঘিরে নেই কোনো আয়োজন, নেই নতুন কোনো কাজের অপেক্ষা। তবু ভক্তদের স্মৃতিতে তার হাসি, সৃষ্টিশীলতা এবং প্রাণবন্ত উপস্থিতি বেঁচে থাকবে। জন্মদিনে প্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরকে স্মরণ করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন