০৮:২৬ পি.এম
চাঁদপুরের ফরিদগঞ্জে কাঁটাতারের বেড়া দিয়ে তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর এক প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন এবং তারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসারা গ্রামের মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে, গত ১১ নভেম্বর, ওই প্রবাসীর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে, বাসারা গ্রামে প্রবাসী আলী হোসেনের পরিবারের সম্পত্তি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে স্থানীয় আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। জমি নিয়ে আলী হোসেনের পরিবারের বিরুদ্ধে করা তিনটি মামলায় তারা জয়ী হয়েছেন বলে জানা গেছে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ নভেম্বর আবুল কালাম আজাদের নির্দেশে তার অন্য ভাইয়েরা আলী হোসেনের বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
তিন দিন ধরে অবরুদ্ধ থাকার পর শনিবার প্রবাসী সাকিবুল হাসানের স্ত্রী সালমা বেগম এবং আরেক প্রবাসীর স্ত্রী ইয়াছমিন বেগম আবুল কালাম আজাদের কাছে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। এ সময় আবুল কালাম আজাদের ভাইয়েরা ওই দুই নারীর ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে।
এতে সালমা বেগম (৩০) ও ইয়াছমিন বেগম (২৫) গুরুতর আহত হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তারা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের এএসআই জুয়েল জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই নারীদের উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাঁটাতারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন