ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনার পতনের দুটি বড় কারণ তুলে ধরলেন বিশ্লেষকরা


শেখ হাসিনার পতনের দুটি বড় কারণ তুলে ধরলেন বিশ্লেষকরা

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে সেদিন দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে দলের অনেক নেতা বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এর মধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিবেশে কিছুটা উত্তাপ সৃষ্টি হয়েছে।

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে, কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে দলটি। রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় দলের একাংশের গোপন সাংগঠনিক যোগাযোগ, অনলাইন প্রচার, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠছে।

তবে রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলের নেতাদের মতে, দলের নেতাকর্মীদের এই কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অন্যদিকে, এটি প্রকাশ্যে রাজনীতিতে ফেরার পথকে সংকুচিত করছে। ফলে প্রশ্ন উঠছে, এসব ঘটনা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা। কারণ বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র দশ মাস। এই সময়ে সরকারের বড় ধরনের কোনো ভুল দেখা যায়নি। যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করা হয়, সেই গুম-খুন ও গণহত্যার সঙ্গে বর্তমান সরকার জড়িত বলে কেউ অভিযোগ করেনি। হাসিনা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতো হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও শোনা যায়নি। তিনটি পাতানো নির্বাচন করার অভিযোগও এই সরকারের বিরুদ্ধে নেই। তাছাড়া জুলাই মাসের হত্যাকাণ্ডের নৃশংসতা মানুষের মনে এখনো বিদ্যমান।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

দলটির পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান তৎপরতার মিল খুঁজে পান রাজনীতিকরা। অতীতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় শক্তি প্রয়োগ, বিরোধী মতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখা এবং কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পরিবর্তনের কোনো সুস্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে দেখা যাচ্ছে না। বরং আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ ও সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন পর্যবেক্ষকদের একটি অংশ।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, "বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না।" রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ ধেয়ে আসছে, ১৮ নভেম্বরের মধ্যে প্রবল হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’ ধেয়ে আসছে, ১৮ নভেম্বরের মধ্যে প্রবল হওয়ার আশঙ্কা

বঙ্গোপসাগরে ১৬ নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এর পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ওড়িশা টিভি র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইএমডি ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি কোন উপকূলের দিকে অগ্রসর হবে অথবা কোথায় আঘাত হানবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘আকভান’।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সাগরে অবস্থানকালে আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া সংস্থা সিস্টেমটির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং এর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য গতিপথ ও প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দার হক আদায় না করার গুরুতর পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


বান্দার হক আদায় না করার গুরুতর পরিণতি

ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ ও জাকাতের ধর্ম নয়; এটি মানুষের অধিকার, ন্যায়বিচার, সততা এবং মানবিক মর্যাদা রক্ষার ধর্মও। একজন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে, নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে এবং দান-সদকা করে, তবে যদি সে অন্যের সম্পদ আত্মসাৎ করে, কারও পাওনা আটকে রাখে, প্রতারণা করে, সম্মানহানি করে অথবা অন্যের ওপর জুলুম করে, তাহলে তার ইবাদত তাকে বান্দার হকের দায় থেকে মুক্ত করতে পারবে না।

কারণ, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন; কিন্তু বান্দার হকের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার এবং ক্ষমার সঙ্গে জড়িত। তাই অন্যের অধিকার নষ্ট করা ইসলামে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, দুনিয়াতে হয়তো ক্ষমতা, অর্থ কিংবা প্রভাবের কারণে কারও অধিকার কেড়ে নেওয়া সম্ভব; কিন্তু কিয়ামতের দিন কোনো ক্ষমতা, প্রভাব, অর্থ কিংবা সুপারিশ দিয়ে অন্যের হক থেকে সহজে রেহাই পাওয়া যাবে না। সেদিন নিজের উপার্জিত নেক আমল দিয়ে হলেও বান্দার হক আদায় করতে হবে।

১. বান্দার হক নষ্ট করা ইসলামে মহাপাপ

অন্যের সম্পদ, সম্মান, অধিকার কিংবা প্রাপ্য কিছু অন্যায়ভাবে ভোগ করা জুলুমের অন্তর্ভুক্ত। ইসলাম এ ধরনের অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আল্লাহ তাআলা বলেন—
لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ
‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৮)

কারও সম্পদ আত্মসাৎ করা, প্রতারণার মাধ্যমে সম্পদ নেওয়া, পাওনা আটকে রাখা কিংবা অন্যায়ভাবে কারও সম্পদের অধিকার নষ্ট করা আল্লাহর নিষেধের অন্তর্ভুক্ত।

২. কিয়ামতের দিন নেক আমল দিয়ে অন্যের হক পরিশোধ করতে হবে

বান্দার হক নষ্ট করার সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো, কিয়ামতের দিন নিজের নেক আমল দিয়ে অন্যের পাওনা পরিশোধ করতে হবে। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো, নিঃস্ব ব্যক্তি কে? সাহাবিগণ বলেছিলেন, আমাদের মধ্যে যার কোনো দিরহাম বা সম্পদ নেই, সেই নিঃস্ব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন—
إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ...
‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ ভক্ষণ করেছে, কারও রক্তপাত করেছে এবং কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এ ব্যক্তিকে দেওয়া হবে, ও ব্যক্তিকে দেওয়া হবে। এভাবে পাওনাদারদের হক আদায়ের আগেই যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম ২৫৮১)

এই হাদিস থেকে বোঝা যায়, শুধু নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত করলেই বান্দার হকের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। কিয়ামতের দিন অন্যের অধিকার নষ্ট করার কারণে নিজের অর্জিত নেক আমলও হারাতে হতে পারে।

৩. নেক আমল শেষ হলে অন্যের পাপ নিজের কাঁধে নিতে হবে

কিয়ামতের দিন বান্দার হক আদায়ের জন্য প্রথমে জালিমের নেক আমল থেকে মজলুমকে দেওয়া হবে। কিন্তু নেক আমল যদি পাওনাদারদের অধিকার পূরণ করার জন্য যথেষ্ট না হয়, তাহলে মজলুমের পাপ জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে। এটি অত্যন্ত ভয়াবহ পরিণতি!

একবার চিন্তা করুন, যে মানুষটি সারাজীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান-সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন নেক আমল করেছে—সেই মানুষটিই অন্যের অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের নেক আমল হারাবে এবং অন্যের পাপের বোঝা বহন করবে!

তাই কারও সম্পদ, সম্মান কিংবা অধিকার নষ্ট করার আগে কিয়ামতের সেই কঠিন দিনের কথা স্মরণ করা উচিত।

৪. বান্দার হক আদায় না করে মৃত্যু হলে বিপদ আরও কঠিন

অনেক মানুষ অন্যের কাছ থেকে টাকা ধার নেয়, কারও সম্পদ আত্মসাৎ করে, কারও পাওনা আটকে রাখে কিংবা কারও অধিকার নষ্ট করে; কিন্তু তা পরিশোধ করার কোনো উদ্যোগ নেয় না। কেউ কেউ আবার মনে করে, পরে দিয়ে দেব, ক্ষমা চেয়ে নেব কিংবা কোনো একসময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময় আসার আগেই যদি মৃত্যু এসে যায়, তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে দাঁড়ায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمٌ
‘যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানহানি করেছে কিংবা অন্য কোনো বিষয়ে তার ওপর জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়; সেই দিন আসার আগে, যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না।’ (বুখারি ২৪৪৯)

দুনিয়াতে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কিয়ামতের দিন টাকা-পয়সা দিয়ে কারও পাওনা পরিশোধ করা যাবে না; বরং নেক আমল দিয়ে হিসাব মেটানো হবে।

৫. অন্যের হক ভোগ করলে দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়

মানুষ যখন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, তখন তা তার জন্য হারাম কাজে জড়িত হয়। এটি তার দোয়া কবুলের পথে বড় বাধা সৃষ্টি হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟
‘এরপর রাসুলুল্লাহ (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করে, এলোমেলো চুল ও ধুলোমলিন শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, ‘হে আমার রব! হে আমার রব!’ অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। তাহলে কীভাবে তার দোয়া কবুল হবে?’ (মুসলিম ১০১৫)

এ হাদিস থেকে বোঝা যায়, হারামভাবে অন্যের সম্পদ ভোগ মানুষের দোয়া কবুলের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা।

৬. দুনিয়াতেও জুলুমের পরিণতি ভয়াবহ হতে পারে

অন্যের অধিকার নষ্ট করার পরিণতি শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়। দুনিয়াতেও জুলুমের কারণে মানুষ নানা ধরনের বিপদ, অশান্তি, সামাজিক বিরোধ ও অপমানের সম্মুখীন হতে পারে। যেমন—

তবে মনে রাখতে হবে, প্রত্যেক জুলুমের শাস্তি দুনিয়াতে দৃশ্যমান হবেই—এমন নয়। অনেক জালিমকে দুনিয়াতে স্বচ্ছন্দে জীবন কাটাতে দেখা যায়। কিন্তু দুনিয়ার অবকাশ কখনোই আখিরাতের জবাবদিহি থেকে মুক্তির নিশ্চয়তা নয়।

বান্দার হক থেকে মুক্তির উপায় কী?

কারও হক নষ্ট করে থাকলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বরং জীবিত থাকতেই তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। আন্তরিক তওবার পাশাপাশি যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকার ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে করণীয়গুলো হলো—

১. অন্যের সম্পদ ও পাওনা ফিরিয়ে দেওয়া

কারও টাকা, জমি, সম্পদ কিংবা অন্য কোনো আর্থিক অধিকার নষ্ট করে থাকলে তা যথাসম্ভব দ্রুত প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। যদি মালিকের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে তাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। মালিক মারা গেলে তার বৈধ উত্তরাধিকারীদের কাছে পাওনা পৌঁছে দিতে হবে। আর মালিককে কোনোভাবেই খুঁজে পাওয়া না গেলে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী করণীয় নির্ধারণ করতে হবে।

২. যার মনে কষ্ট দিয়েছি, তার কাছে ক্ষমা চাওয়া

কাউকে গালি দিয়ে থাকলে, অপমান করলে, অপবাদ দিলে, গিবত করলে কিংবা মানসিক ও শারীরিকভাবে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কারও সম্মানহানি করে থাকলে তা সংশোধনের চেষ্টা করতে হবে। তবে গিবতের বিষয়টি জানালে যদি নতুন করে শত্রুতা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে কীভাবে তার অধিকার পূরণ করা যায় সে বিষয়ে আলেমের পরামর্শ নেওয়া ভালো। তার জন্য দোয়া করা, তার সুনাম ও ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরা এবং যেখানে অপবাদ দেওয়া হয়েছে সেখানে যথাসম্ভব সত্য প্রতিষ্ঠা করাও জরুরি।

৩. আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা

নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এমন অন্যায় না করার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তাআলা বলেন—
وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْكَافِرُونَ
‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’ (সুরা ইউসুফ: আয়াত ৮৭)

তাহলে বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করার পাশাপাশি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।

৪. পাওনা পরিশোধে অক্ষম হলে পাওনাদারের সঙ্গে সমঝোতা করা

কারও টাকা বা সম্পদ ফেরত দেওয়ার সামর্থ্য না থাকলে বিষয়টি গোপন না রেখে পাওনাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সময় চাওয়া, কিস্তিতে পরিশোধ করা কিংবা তার সম্মতিতে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। অন্যের অধিকার আটকে রেখে নিশ্চিন্তে জীবন কাটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন শুধু অর্থ-সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক মর্যাদা নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের অধিকার রক্ষা করা। মনে রাখবেন, আপনি হয়তো কারও টাকা মেরে দিয়ে দুনিয়াতে লাভবান হয়েছেন, কারও জমি দখল করে সম্পদের মালিক হয়েছেন, কারও সম্মানহানি করে নিজেকে বড় মনে করেছেন কিংবা কারও পাওনা আটকে রেখে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। কিন্তু এসব অন্যায়ের হিসাব একদিন আপনাকে দিতেই হবে। তাই দুনিয়াতেই মানুষের হক বুঝিয়ে দিন, আখিরাতে নিঃস্ব হবেন না।

সেদিন কোনো টাকা-পয়সা কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, কোনো প্রভাব-প্রতিপত্তি কাজে আসবে না। আপনার অর্জিত নেক আমল দিয়েই অন্যের অধিকার পরিশোধ করতে হতে পারে।

তাহলে সময় থাকতে মানুষের হক ফিরিয়ে দিন। কারও সম্পদ আত্মসাৎ করে থাকলে ফেরত দিন, কারও পাওনা আটকে রাখলে পরিশোধ করুন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করুন।

মনে রাখবেন, দুনিয়াতে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অনেক সহজ; কিন্তু কিয়ামতের দিন নিজের নেক আমল হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না।

আসুন, আমরা এমন জীবন গড়ে তুলি, যেখানে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের অধিকারও যথাযথভাবে রক্ষা করা হয়। কারণ প্রকৃত সফলতা শুধু নেক আমল অর্জনে নয়, বরং কারও হক নষ্ট না করে আল্লাহর দরবারে হাজির হতে পারার মধ্যেও নিহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের অধিকার রক্ষা করার, কারও ওপর জুলুম না করার এবং জীবিত থাকতেই মানুষের সব পাওনা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে ভিডিও ধারণকালে মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


আশাশুনিতে ভিডিও ধারণকালে মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত

সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে। তবে আহত অপর যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত মোস্তাকিম ও তার সঙ্গে থাকা অপর আরোহী সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে ওই এলাকায় ভিডিও ধারণ করে কনটেন্ট বানানোর উদ্দেশ্যে এসেছিলেন। ঘটনার সময় তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং চালক মোস্তাকিম এক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিস রোগীদের জন্য ধূমপান মারাত্মক ক্ষতির কারণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ডায়াবেটিস রোগীদের জন্য ধূমপান মারাত্মক ক্ষতির কারণ

ডায়াবেটিস রোগীদের জন্য ধূমপানের প্রভাব অত্যন্ত মারাত্মক ও জীবননাশক হতে পারে। উভয়ই শরীরের রক্তনালিকে সরাসরি আক্রমণ করে, ফলে জটিলতা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, প্রধান ক্ষতিকর দিকসমূহ কী কী—

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

ডায়াবেটিসের ফলে ধূমপান রক্তের খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং রক্তনালিকে শক্ত ও সরু করে ফেলে। এর ফলে অধূমপায়ী ডায়াবেটিস রোগীদের তুলনায় ধূমপায়ীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে।

দৃষ্টিশক্তি হারানো

ডায়াবেটিস চোখের রেটিনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রেটিনোপ্যাথি, ছানি ও গ্লুকোমার মতো রোগ দ্রুত জটিল আকার ধারণ করে। এর চূড়ান্ত পরিণতি হিসেবে রোগী স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন।

পায়ে পচন ও অঙ্গহানির ঝুঁকি

ধূমপানের কারণে হাত ও পায়ের প্রান্তীয় রক্তনালিতে রক্ত চলাচল মারাত্মকভাবে কমে যায়। ফলে পায়ে যদি কোনো ক্ষত বা ঘা হয়, তা সহজে শুকায় না এবং সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা পা কেটে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ কঠিন হওয়া

সিগারেটের নিকোটিন শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এর ফলে ওষুধ বা ইনসুলিন নেওয়ার পরেও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

কিডনি বিকল হওয়া

ধূমপান কিডনির সূক্ষ্ম রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। এতে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে এবং দ্রুত কিডনি ফেইলিউর বা বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়।

স্নায়ুর ক্ষতি (নিউরোপ্যাথি)

রক্ত সঞ্চালন ব্যাহত হওয়া এবং শরীরের প্রদাহ বেড়ে যাওয়ার কারণে হাত-পায়ের স্নায়ু নষ্ট হয়ে যায়। এতে হাত-পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়।

ধূমপান ত্যাগ করার ফলে শরীর আবার ইনসুলিনের প্রতি সংবেদনশীল হতে শুরু করে এবং ডায়াবেটিসজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি দ্রুত কমতে থাকে। বিস্তারিত জানতে ডায়াবেটিস ও ধূমপানের প্রভাব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন দেখতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%