০৬:৪২ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি (২৭) এর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) কে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমোদন দিয়েছে আদালত।
পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উত্তরখান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ অক্টোবর, সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে যায় তাহসিফ সাউরি। রাতের দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাহসিফ ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করেন। সে জানায়, "কিছুক্ষণের মধ্যেই ফিরবে।" পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, "রওনা দিয়েছি, আসছি।" কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও সে ফিরে আসেনি।
২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোনের মাধ্যমে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ তার কাছে সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় আজ রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।
আরও পড়ুন: স্কাউট সদস্যরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী: হুইপ দুলু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন