১০:২০ পি.এম
ফেনী, ৩১ অক্টোবর, ২০২৬ : আজ জেলা কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র্যালি অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনের ব্যবহারকে বৃদ্ধি করা।
এ কনফারেন্স ও র্যালির মূল প্রতিপাদ্য ছিল ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং এনসিসি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইনান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায়।
আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক প্রধান এ. এইচ. এম রেজাউল করিম, এনসিসি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও ফাইনান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো: ফিরোজ আহমেদ।
দেবাশীষ রায় অনুষ্ঠানে বলেন, "আগামী দিনে ব্যাংকিং সেবা পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতে শুরু করেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, স্টুডেন্ট ব্যাংকিংকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ করে তুলতে স্টুডেন্টদের জন্য একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রযুক্তিগত ও আধুনিকভাবে ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল ব্যাংক, ক্যাশলেস, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল, এনসিসি ব্যাংক পিএলসি-এর দিকনির্দেশনায় এবং ফেনী শাখার সরাসরি ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: স্কাউট সদস্যরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী: হুইপ দুলু
জেলায় মোট ৩৮টি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এই ব্যাংকিং কনফারেন্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া, জেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
এছাড়া, চলতি বছরে জেলার সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংককে প্রথম, ডাচবাংলা ব্যাংককে দ্বিতীয় এবং বেসিক ব্যাংককে তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে পুরস্কৃত করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন