০১:১৭ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের অন্ধকারে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এই ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করার জন্য দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসের কাছে গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত একজন ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর সে ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে আলাপ-আলোচনা করতেন। তবুও, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং খুব শীঘ্রই প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন