০১:১৮ পি.এম
ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর জন্য দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার ইরান প্রকাশ্যে ওই দুই কর্মকর্তাকে হুমকি দিয়ে বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে এই হুমকি দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর পরিচালিত ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ১৬৮ শিশু নিহত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
ইরানি দূতাবাসের পোস্টে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্কের নাম উল্লেখ করা হয়েছে।
গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
এর আগে গত ২৮ মার্চও ইরানি দূতাবাস ওই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে পোস্ট দিয়েছিল। তখন তাদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
ওই পোস্টে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরে এসেছে ইউএসএস স্প্রুয়েন্স। জাহাজটি ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েনকাল শেষ করেছে।
দুই মার্কিন কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করে ইরানের এই হুমকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ইরানের এই হুমকিকে ওয়াশিংটনের জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি সেন্টকমের জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’
আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস
তার ভাষ্য, ইরান এমন কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাকে শনাক্ত করেছে, যাদের বিরুদ্ধে দেশটির ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার কথাও বলছে তেহরান।
তালেব্লু আরও বলেন, ‘সত্যিই যদি এসব কর্মকর্তার ওপর হামলার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া অত্যন্ত জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন