বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
১১:২১ পি.এম
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : সরকার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পত্রে এই তথ্য জানানো হয়। নির্ধারিত দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেলের দাম হবে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। সেই সময়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বৃদ্ধি করে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অক্টোবর মাসেও জ্বালানি তেলের এই দাম বহাল রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, সোরিয়াসিস একটি ছোঁয়াচে রোগ নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
আজ বৃহস্পতিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, সোরিয়াসিস ত্বকে দৃশ্যমান হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বৈষম্য ও অবহেলার শিকার হন। কিন্তু এটি কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। আক্রান্তদের প্রতি এমন আচরণ করা উচিত নয়, যাতে তারা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।
তিনি আরও বলেন, সোরিয়াসিসে আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশের আর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিক পর্যায়ে এ সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা না হলে আর্থ্রাইটিস জটিল ও ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে সোরিয়াসিসের চিকিৎসায় আধুনিক পদ্ধতি এসেছে। এসব চিকিৎসা নিশ্চিত করা গেলে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি।
সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লক, সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।
পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর লেকচার হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বিএমইউর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।
শোভাযাত্রায় বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ এবং সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হকসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে অনেকে অনলাইনে যুক্ত হয়ে সোরিয়াসিসের চিকিৎসা ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
ডিএমপির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার এই গ্রেপ্তার অভিযান সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শেরেবাংলা নগর থানায় ২০ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, তেজগাঁও থানায় ১০ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মো. সোহান (২১) ও নার্গিস আক্তার নামের দুইজনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে জিম্মি থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার দুপুরে দুই অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের অজুহাতে ভিকটিম মো. সামিউল ইসলাম (২৮) কে কৌশলে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করে স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয় এবং তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ভিকটিমের বড় ভাই এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করলে কামরাঙ্গীরচর থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মো. সোহানকে গ্রেপ্তার করে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট’ কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স এবং পিএইচডি বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্দেশ্যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে যাচ্ছে।
আজ ইউজিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত সমঝোতার আওতায় দু’দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এই বিষয়ে সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্য ইউজিসি এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। আমাদের শিক্ষক ও গবেষকরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের সুযোগ পান এবং বিদেশি শিক্ষাবিদরাও যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অবদান রাখতে পারেন, সেজন্য দ্বিমুখী অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।’
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, কমিশন শিগগিরই ‘ইউজিসি-ফুলব্রাইট’ নামে একটি বিশেষ কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। এর আওতায় দেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতগুলোতে গবেষণার জন্য বিশেষ পিএইচডি বৃত্তি চালু করা হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টম্যান ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ বিশ্বজুড়ে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট কর্মসূচি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। যুক্তরাষ্ট্রের সিনেটর জে. উইলিয়াম ফুলব্রাইটের উদ্যোগে ১৯৪৬ সালে এ কর্মসূচি প্রতিষ্ঠা করা হয়।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ