শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৯ এম
হ্যারি কেইন প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের আনন্দটি সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে চান। এই সাফল্যে বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ড দলের খেলোয়াড়দের অবদান স্বীকার করে, তাদের জন্য বিশেষ উপহার কেনার পরিকল্পনা করছেন ইংল্যান্ডের অধিনায়ক। উপহারের তালিকায় বিলাসবহুল ঘড়ি অন্তর্ভুক্ত রয়েছে।
ক্লাব এবং জাতীয় দলের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়ে, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে, কেইন প্রথমবারের মতো ব্যালন ডি’অর অর্জন করেছেন। নিজের জন্মশহরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর, তিনি আবেগঘন বক্তব্যও প্রদান করেন। পরে, সোহোর একটি নাইটক্লাবে বিশেষ পার্টিতে অংশ নিয়ে উদযাপন করেন এই ইংলিশ স্ট্রাইকার।
তবে, ব্যক্তিগত এই অর্জনের পেছনে সতীর্থদের অবদান ভুলে যাননি ৩৩ বছর বয়সী কেইন। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে তিনি জানান, “দলের কয়েকজন সতীর্থ ঘড়ি কিংবা এ ধরনের কিছু উপহার চেয়েছে। তাই বায়ার্ন ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়দের জন্যই ভালো কিছু উপহারের ব্যবস্থা করতে হবে আমাকে। বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চিত করতে চাই, সবাই যেন সুন্দর একটি উপহার পায়।”
ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে, কেইন ইংল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জন করেছেন। এর আগে, ইংল্যান্ডের হয়ে এই সম্মান পেয়েছেন স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েনসহ দেশের কিংবদন্তি ফুটবলাররা।
কেইনের জন্য সামনে অপেক্ষা করছে আরও একটি বিশেষ মুহূর্ত। ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে ওয়েম্বলিতে দর্শকদের সামনে ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেছেন, যুব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে, যার মধ্যে ৪ সংগঠক এবং ১০ সফল আত্মকর্মী অন্তর্ভুক্ত রয়েছে।
আমিনুল হক বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আগামী ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবিলায় সারাদেশে ১২ হাজার রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এছাড়া, যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে একটি বিশাল ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে ৩ হাজার থেকে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হবে।
তিনি আরও বলেন, সরকারের যুববান্ধব বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
এছাড়া, দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম, খাল খনন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণসহ নানা কার্যক্রম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ