প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, সোরিয়াসিস একটি ছোঁয়াচে রোগ নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
আজ বৃহস্পতিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, সোরিয়াসিস ত্বকে দৃশ্যমান হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বৈষম্য ও অবহেলার শিকার হন। কিন্তু এটি কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। আক্রান্তদের প্রতি এমন আচরণ করা উচিত নয়, যাতে তারা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।
তিনি আরও বলেন, সোরিয়াসিসে আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশের আর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিক পর্যায়ে এ সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা না হলে আর্থ্রাইটিস জটিল ও ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে সোরিয়াসিসের চিকিৎসায় আধুনিক পদ্ধতি এসেছে। এসব চিকিৎসা নিশ্চিত করা গেলে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি।
সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লক, সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।
পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর লেকচার হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বিএমইউর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।
শোভাযাত্রায় বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ এবং সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হকসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে অনেকে অনলাইনে যুক্ত হয়ে সোরিয়াসিসের চিকিৎসা ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন