প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট’ কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স এবং পিএইচডি বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্দেশ্যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে যাচ্ছে।
আজ ইউজিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত সমঝোতার আওতায় দু’দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এই বিষয়ে সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্য ইউজিসি এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। আমাদের শিক্ষক ও গবেষকরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের সুযোগ পান এবং বিদেশি শিক্ষাবিদরাও যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অবদান রাখতে পারেন, সেজন্য দ্বিমুখী অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।’
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, কমিশন শিগগিরই ‘ইউজিসি-ফুলব্রাইট’ নামে একটি বিশেষ কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। এর আওতায় দেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতগুলোতে গবেষণার জন্য বিশেষ পিএইচডি বৃত্তি চালু করা হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টম্যান ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ বিশ্বজুড়ে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট কর্মসূচি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। যুক্তরাষ্ট্রের সিনেটর জে. উইলিয়াম ফুলব্রাইটের উদ্যোগে ১৯৪৬ সালে এ কর্মসূচি প্রতিষ্ঠা করা হয়।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন