০৩:১৬ এম
কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এই র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৩০ ধাপ পিছিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অবস্থান এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪১৫তম। গত বছর চুয়েটের অবস্থান ছিল ৩৮৫তম।
দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েট চার ধাপ পিছিয়েছে। বর্তমানে চুয়েটের অবস্থান ১০১তম, যা গত বছর ছিল ৯৭তম।
কিউএস র্যাঙ্কিংয়ের বিভিন্ন পারফরম্যান্স সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, কিছু সূচকে উন্নতি হলেও চুয়েটের সামগ্রিক অবস্থান অবনতি হয়েছে। প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ১০০-এর মধ্যে ৬৬.১, যা গত বছর ছিল ৫৮.৬। শিক্ষকপ্রতি গবেষণাপত্র সূচকেও আগের বছরের তুলনায় স্কোর বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১। তবে একাডেমিক সুনাম সূচকে স্কোর কমেছে। গত বছর ৩৭.৩ থাকলেও এবার তা ৩৩.৯-এ পৌঁছেছে।
আরও পড়ুন: মাদক ও গেমিং আসক্তি থেকে তরুণদের রক্ষায় স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী
তালিকায় অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, একাডেমিক সুনামে ৩৩.৯, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী শিক্ষক সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষক সূচকে ২.৩ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ পয়েন্ট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। সব মিলিয়ে চুয়েটের সামগ্রিক স্কোর ৩৬.৯, যা গত বছর ছিল ৩৫.২।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েটের অবস্থান এ বছর ১২তম। দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পর চুয়েট তৃতীয় অবস্থানে রয়েছে। এ তালিকায় বুয়েটের অবস্থান ১৭৯তম এবং কুয়েটের ৩৭০তম।
এবারের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আরও পড়ুন: বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন