০৫:৪৮ পি.এম
বলিউডের বাদশাহ, রোমান্সের রাজপুত্র এবং কোটি ভক্তের স্বপ্নের নায়ক হিসেবে পরিচিত শাহরুখ খান। পর্দায় তার হাসি দর্শকদের মুগ্ধ করে এবং তার উপস্থিতিতে ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এই নায়কের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের মান্নাতে যেন ভালোবাসার সব পথ এসে মেশে। অনুরাগীরা প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
এবার মান্নাতের বারান্দায় কিং খানকে দেখা যায়নি। কিন্তু বলিউড বাদশাহ ভক্তদের নিরাশ করেননি। বাড়ির সামনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। সেখানে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন লুকের পোস্টার প্রদর্শিত হচ্ছে। এছাড়া, পর্দায় শাহরুখের জনপ্রিয় বিভিন্ন সংলাপও ভেসে উঠছে। মান্নাতে এই প্রথম কোনো সিনেমা কেন্দ্র করে এমন বিশেষ আয়োজন করা হয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে শাহরুখ বলিউডে রাজত্ব করছেন। সাধারণ এক তরুণ থেকে তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার নাম। তার পথচলা যেন স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের একটি দীর্ঘ গল্প।
আরও পড়ুন: আদর্শ স্বামী আবু বকর চরিত্র নিয়ে এত হইচই কেন?
নব্বইয়ের দশকে বড় পর্দায় পা রেখেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন শাহরুখ। রোমান্টিক নায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা পেলেও নিজেকে একটি পরিচয়ে আটকে রাখেননি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’- একেক সিনেমায় একেক রূপে হাজির হয়েছেন তিনি।
কখনো রোমান্টিক প্রেমিক, কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, আবার কখনো জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, রসবোধ এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক তাকে দিয়েছে আলাদা পরিচিতি।
আজ ২ নভেম্বর ৬১ বছরে পা রাখলেন বলিউডের এই মহাতারকা। জন্মদিনে সামাজিক মাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রিয় নায়ককে ঘিরে নানা স্মৃতিচারণ দেখা যাচ্ছে। পর্দায় কিংবা মান্নাতের বারান্দায়- শাহরুখের অপেক্ষায় ভক্তদের ভালোবাসায় কোনো ভাটা নেই, তা আবারও স্পষ্ট।
আরও পড়ুন: বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার, পাত্রী হৃদি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন