০৫:৫৫ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না এবং তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে বিচ্ছিন্ন থাকে।
শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্যটি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেছেন, স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারে না। তবে, অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও, আমার মতো হাতে গোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, তাদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না, বরং সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামানোর চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, যখন আমি একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের শীর্ষ থেকে তল পর্যন্ত নেতাকর্মীরা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা তাদের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কতটা ক্ষতি হয়েছে।
জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ার ফলে জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এই কারণে তারা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।
জামায়াত-শিবিরের সামাজিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সাথে মেশে না। তারা তাদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন