০৮:০২ পি.এম
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ এবং পুরস্কার সম্পর্কে ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এই বছর কবি সম্মেলনে ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
তিনি আরও জানান, আগামী ২৭-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবিরা।
সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকমের অলক পাল।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আরও জানান, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে বগুড়া লেখক চক্র কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায়, এ বছরও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর, ২০২৬ তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, ২টি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্যুভেনির এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে। কবি সম্মেলনের ২য় দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকাল ৪টায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৮ (আট) জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং উত্তরীয় প্রদান করবেন প্রধান অতিথি। উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়। কবি সম্মেলন সফল করতে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন