ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

চাঁপাইনবাবগঞ্জে একই রাস্তা সকালে জামায়াতের, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে একই রাস্তা সকালে জামায়াতের, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে। জামায়াতের বর্তমান এমপি সকালে সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেছেন, আর বিকেলে বিএনপির সাবেক এমপি পুনরায় উদ্বোধন করেছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এমন উদ্বোধন এবং পাল্টা উদ্বোধনের ঘটনা ঘটেছে। তবে এলজিইডি জানাচ্ছে, কোনটিই আনুষ্ঠানিক উদ্বোধন নয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত সড়ক নির্মাণের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি শুরু করেছে। তিন কিলোমিটার ৫৫০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। সড়কটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির টহল এবং সীমান্তে নজরদারিতে সুবিধা হবে, পাশাপাশি পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

এদিকে, কাজ কয়েকদিন আগে থেকেই শুরু হলেও রোববার (০১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। একই দিনে বিকেলে সেই সড়কটির পুনরায় উদ্বোধন করেন বিএনপির সাবেক এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

আরও পড়ুন: মিরপুর-উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

উদ্বোধনের সময় সকাল ও বিকেলে এনিয়ে পাল্টাপাল্টি সমালোচনা করতে দেখা যায় বর্তমান এবং সাবেক এমপিকে। তবে এলজিইডির কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমান বা সাবেক এমপি উদ্বোধন করলেও কোনটিই আনুষ্ঠানিক উদ্বোধন নয়। সাবেক ও বর্তমান এমপি উদ্বোধন দাবি করলেও সড়কটির নির্মাণকাজ প্রায় দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে বলে জানা গেছে।

সকালে এমপি বুলবুল উদ্বোধনের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নামসহ ব্যানার থাকলেও বিকেলে সাবেক এমপি হারুনুর রশীদ উদ্বোধন করার সময় তা ছিল না। সাবেক এমপি হারুনুর রশীদ ফিতা কেটে উদ্বোধন করেন। তবে এলজিইডির কর্মকর্তা এবং ঠিকাদার উভয় সময়েই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুলকে পাওয়া যায়নি। তবে উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আপনি (হারুনুর রশীদ) যদি চান চাঁপাইনবাবগঞ্জে যত ভালো কাজ হবে, এর উদ্বোধনে আমার সাথে থাকতে চান, ওয়েলকাম, আপনি থাকবেন আমার সাথে। কারণ আমি সহযোগিতা ও সহমর্মিতার সঙ্গে জেলাকে সবাই মিলে এগিয়ে নিতে চাই। সুতরাং, আমি যেই কাজ উদ্বোধন করব, আপনি আমার সাথে থাকেন কোনো অসুবিধা নাই। আপনি জেলা পরিষদের প্রশাসক, সেই বরাদ্দ নিয়ে থাকেন। আপনার যে বরাদ্দ আসবে, কী বাজেট আসছে আপনি কোন খাতে খরচ করছেন এবং করবেন, সেটি জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে খোঁজ-খবর নেয়ার দায়িত্ব এমপির আছে। এটি শুধু আমার একার নয়, সারা বাংলাদেশের সকল এমপির আছে। সুতরাং আপনার তদারকি করা আমার দায়িত্ব। কিন্তু আমার কোনো কাজের দিকে তাঁকানো আপনার দায়িত্ব না।’

তিনি আরও বলেন, ‘আগামী ৫ বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে যা কাজ হবে, তার সব কাজের দায়িত্ব হচ্ছে এমপির। যেটা এমপির কাজ, এমপিকে করতে দিবেন। ৬২ হাজার ৬১৯ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছি, এতগুলো মানুষ আমাকে আপনার থেকে বেশি সমর্থন দিয়েছে। আপনার ভোট আপনি কিভাবে পেয়েছেন, সেটি জনগণ জানে। জনগণের কোনো অধিকার নিয়ে আপনি (সাবেক এমপি ও বিএনপি নেতা হারুনুর রশীদ) হউন আর যেই হউন ছিনিমিনি খেললে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব। এখানে এলজিইডির কাজ হবে, আর আপনি উদ্বোধন করবেন। আমার কাজ, আর আপনি উদ্বোধন করবেন। এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে, জনগণ দেয়নি।’

আরও পড়ুন: ফরিদপুরে বাস উল্টে খাদে, ২০ যাত্রী আহত

একই সড়ক বারবার উদ্বোধনের কারণ জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ সময় সংবাদকে বলেন, ‘এনিয়ে এমপি বুলবুলকে প্রশ্ন করুন। তিনিই বলতে পারবেন। আমি নিজে এসব রাস্তা-ঘাটের বরাদ্দ নিয়ে আসছি, আর তিনি (এমপি বুলবুল) গিয়ে উদ্বোধন করছে। বরাদ্দ-প্রকল্প আমি নিয়ে আসছি, আর ব্যানার টাঙিয়ে গিয়ে উদ্বোধন বললেই হলো? এত ছ্যাচড়ামি করার কোন দরকার নাই। একজন এমপির প্রটোকল তাকে বুঝতে হবে। বরাদ্দ নিয়ে আসার সুবাদে আমি সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে পরিদর্শন বা উদ্বোধন করতেই পারি।’

এদিকে, উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ বলেন, ‘আমাদের নতুন এমপিকে (নুরুল ইসলাম বুলবুল) বলব, বহু কাঁচা রাস্তা আছে ভাই, তুমি টাকা বরাদ্দ নিয়ে এসে কাজ করো, তোমার বরাদ্দ আনার ক্ষমতা আমরা দেখতে চাই। মানুষ চাই, এখানে আরও কাজ হোক, উন্নয়ন হোক, কোন অসুবিধা নাই। কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবা, উল্টাপাল্টা কথা বললে, জনগণ কিন্তু সেব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবে। এরকম ছ্যাচড়া এমপি আমি দেখিনি। এত ছ্যাচড়া এমপি বাংলাদেশে আর কোথাও আছে কি না আমার জানা নেই। সড়কটি আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল, বাস্তবায়নেও আমার অনেক সহযোগিতা ছিল।’

সড়ক নির্মাণের ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, ‘বর্তমান ও সাবেক এমপি উদ্বোধনের দুই সময়ই আমি উপস্থিত ছিলাম। এনিয়ে আমাদের তেমন কোন কার্যক্রম নেই। উদ্বোধন ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি পরিদর্শনে আসলে, আমাদেরকে থাকতেই হয়। সেই সুবাদেই আমার থাকা।’

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ।

আরও পড়ুন: যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, এলজিইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এটি হলে আমরা ফলক বসাতাম। কিন্তু তা করা হয়নি। বর্তমান ও সাবেক এমপি দুজনই তদারকির কাজে গেছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পরিদর্শন বা তদারকিতে গেলে আমরা সেখানে উপস্থিত থাকি। চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পের মেয়াদ শেষ হবে বলে জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি

ঢাকার সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় চলমান আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে কেউ সাধারণ শ্রমিক নয়, এ কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

সাংবাদিকদের সাথে সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ও শিল্পাঞ্চল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, "শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।" তিনি আরও জানান, "তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে যদি বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।"

এদিকে, মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, "গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত।" যদিও বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে, তবে পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকও আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২ নভেম্বর) সকালে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে এনামুল হক (৪০) এবং একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)। আহত অটোভ্যানচালকের নাম আব্দুল হামিদ (৪১), যিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল ও আনোয়ার পানের বরজে কাজ করার জন্য আব্দুল হামিদের অটোভ্যানে করে সুন্দরগঞ্জের জামালহাটের কামরাঙ্গার তল এলাকায় যাচ্ছিলেন। এসময় একটি মালবাহী ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়, ফলে তিনজনই আহত হন। ঘটনাস্থলে এনামুল হক মারা যান। গুরুতর আহত আনোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু ঘটে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত গতির ট্রাকের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

মন্ত্রিপরিষদের বৈঠক চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

বৈঠকটি শুরু হয় সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে।

বৈঠকের পর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে (৩য় তলায়) সাংবাদিক সম্মেলন আয়োজন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


কুমিল্লায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

কুমিল্লায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় এই দুর্ঘটনাগুলি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় একটি ট্রাককে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাফি ঘটনাস্থলেই মারা যান। রাফি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

অন্যদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক পথচারী শিশু প্রাণ হারিয়েছে। তবে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ বিষয়ে জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%